২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের হামলায় পাবনায় ২ র‌্যাব সদস্য গুরুতর আহত

সোর্স হিসেবে অস্ত্র কিনতে গিয়ে র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের দুই সদস্য সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আশংকাজনক অবস্থায় র‌্যাব সদস্য ইমরাত ও পিকলুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের দুই সদস্য সাদা পোশাকে সোর্স হিসেবে বুধবার বেলা ১২টার দিকে অস্ত্র কেনার নাম করে সন্ত্রাসীদের আস্তানায় যায়।

এসময় র‌্যাব সদস্যদ্বয় সন্ত্রাসীদের কাছে অস্ত্র কেনার প্রস্তাব দেয়। এক পর্যায়ে অস্ত্র কেনার টাকা লেনদেনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব সদস্যদের বাকবিতণ্ডা হয়। এর সমঝোতা না হওয়ায় সন্ত্রাসীরা ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে র‌্যাব সদস্যদের ধাওয়া করে এবং বেদম প্রহারে গুরুতর আহত করে।

এ অবস্থায় র‌্যাবের দুই সদস্য তাদের পরিচয়পত্র দেখালে এলাকার লোকজন তাদের উদ্ধার করে।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে আসে এবং গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠায়।