২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস ফ্যাক্টরীতে আগুন

সাভারের একটি রপ্তানীমুখী গার্মেন্টস কারখানায় বুধবার ভোর রাতে হঠাৎ করে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 12:41 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল বাহিনী সূত্র জানায়, সাভারের ফুলবাড়ি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত ছয়তলা বিশিষ্ট বিশ্বাস গার্মেন্টসে রাত আনুমানিক ৩ টা ৪০ মিনিটে আগুন ধরে গেলে গার্মেন্টসের মালামাল ভস্মীভূত হয়ে যায়।

কারখানার নীচতলায় রাখা রাসায়নিক দ্রব্য থেকে আগুনের সূত্রপাত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরে আগুন পুরো বিল্ডিং-এ ছড়িয়ে পড়ে।

বিশ্বাস গ্রুপের মালিক ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাঈনুদ্দীন বিশ্বাস সাংবাদিকদের বলেন, আগুনে কারখানার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি। সুইডেন ও জার্মানিতে শিপমেন্টের জন্য তৈরি প্রায় ৩০ লাখ টাকার সোয়েটার ও টি-শার্টের স্টক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

টেক্সটাইল, নিটিং, সোয়েটার ও অন্যান্য সেকশন মিলে মোট ছয়টি ইউনিটে বিভক্ত বিশ্বাস গার্মেন্টসের নীচতলায় টেক্সটাইল ইউনিটেই রাসায়নিক পণ্যগুলো রাখা ছিল। অজ্ঞাত কারণে আগুন লাগলেও বয়লার অক্ষত রয়েছে।

স্থানীয় জনগণ বলেন, পুরো ফ্যাক্টরীতে আগুন ছড়িয়ে যাবার পরও তারা কয়েক দফা বিস্ফোরণের শব্দ পান। এ সময় নিটিং সেকশনে নাইট শিফটে কয়েক জন কাজ করলেও তারা দ্রুত ফ্যাক্টরী থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।

আগুন নেভাতে ঢাকা, সাভার ও ইপিজেড স্টেশন থেকে দমকল ইউনিট আনা হয়।