অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য ঠাকুরগাঁও ট্রেজারী
পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ১০টি উপজেলার একমাত্র ভরসাস্থল ঠাকুরগাঁয়ের ট্রেজারী অনিয়ম এবং দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকারের কোটি টাকার রাজস্ব আদায়ের এই ট্রেজারীটির সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ মানুষকে জিম্মি করে অসাধু উপায়ে টাকার মালিক হচ্ছে।
অভিযোগে জানা যায়, ট্রেজারী নির্ভর ভেন্ডার লাইসেন্স হোল্ডারসহ ষ্ট্যাম্প ক্রেতাদের অনির্ধারিত হারে পারসেন্টেজ দিয়ে এই ট্রেজারী থেকে নন জুডিশিয়াল ষ্ট্যাম্পসহ অন্যান্য উপকরণ ডেমি, ফলিও, কোর্ট ফি গ্রহণ করতে হয়। যারা এই নিয়ম মানতে চায় না তাদের কৌশলগত কারণ দেখিয়ে হয়রানি করা হয়। নিরুপায় হয়ে দুই জেলার প্রায় দু’শতাধিক ভেন্ডিং লাইসেন্স হোল্ডারসহ ষ্ট্যাম্প ক্রেতাগণ তাদের হাতে বর্তমানে জিম্মি।
এক পরিসংখ্যানে জানা গেছে, প্রতিমাসে এই ট্রেজারী থেকে প্রায় ৭০/৮০ লক্ষ টাকার ষ্ট্যাম্প বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা হয়। লাইসেন্স হোল্ডার ভেন্ডারগণ সেই টাকা থেকে যে কমিশন পায় তার মধ্যে ৬০% টাকা অসাধু কর্মচারীদের উৎকোচ হিসেবে দিতে বাধ্য হয়।
এছাড়াও সোনালী ব্যাংকের স্ক্রল সংগ্রহে ব্যাংকে টাকা দেয়ার নাম করে প্রতি চালানে অতিরিক্ত ৫০ টাকা হারে ট্রেজারীর কর্মচারীরা গ্রহণ করে। এতে করে প্রতি মাসে কমপক্ষে ২ লাখ ঘুষের টাকাই জমা হয় সেখানে।
জানা গেছে, দীর্ঘ ১ যুগেরও অধিক সময় এই ট্রেজারীর দুই কর্মচারী এখানে অবস্থান করছে। অজ্ঞাত খুটির জোরে তাদের এখান থেকে কেউ সরাতে পারে না।
সর্বোপরি, ট্রেজারীর অসাধু কর্মচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই। কেউ প্রতিবাদ করলে জানানো হয় সরকারী কোষাগার থেকে ষ্ট্যাম্পের চালান যারা এনে দেয় তাদের এন্টারটেইনমেন্টবাবদ খরচ করতে হয় প্রচুর টাকা। তাছাড়াও দায়িত্বরত ম্যাজিষ্ট্রেটসহ স্থানীয় প্রশাসনকে মাসিক মাসোহারা দিতে হয় বলে কর্মরত কর্মচারী রানা ও পিয়ন তালেব জানায়।
