সার আটক হয়েছে এটাই বেশী, গ্রেপ্তার মুখ্য নয়: ওসি
মেঘনার হাতিয়া চ্যানেল দিয়ে মায়ানমারে পাচারকালে চরচেঙ্গা ঘাটের অদূরে আটক সার বোঝাই কার্গো বোট থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ১৫’শ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে সাত হাজার বস্তা সারসহ ওই কার্গো বোট এমভি ভাই ভাই আটক করা হয়। কার্গো বোটটির মালিক কক্সবাজারের নুরুল ইসলাম।
চরচেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসির আরাফাত জানান, সারবোঝাই কার্গো বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে মেঘনায় আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় জনগণ বোটটি আটক করতে গেলে সার পাচারে সহায়তাকরি ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা জনগণকে ধাওয়া করে। তারা বোটটি নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে ব্যর্থ হয়।
কার্গো বোটটির পাটাতন ফেটে যাওয়ায় সার পানিতে ভিজে যায়। অন্যদিকে, কার্গো বোটটি আটক করলেও পুলিশ মাঝি ও পাচারকারী কাউকেই গ্রেপ্তার করতে পারে নি। সোমবার রাতে হাতিয়া থানার ওসি আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের কাছে এ ব্যাপারে ১০ জন গ্রেপ্তারের কথা বললেও পরে তা অস্বীকার করেন।
পাচারকারী ও মাঝিকে পুলিশ পালিয়ে যেতে সাহায্য করেছে এ প্রশ্নের জবাবে তিনি ক্ষুদ্ধ হয়ে বলেন, সার আটক হয়েছে এটাই বেশী, গ্রেপ্তারের ব্যাপারটি মূখ্য নয়।
