ইইউ নতুন জিএসপি সুবিধায় দেশের হোম টেক্সটাইল রপ্তানি বাজার সম্প্রসারিত হবে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন জিএসপি সুবিধায় দেশের হোম টেক্সটাইলের রপ্তানির বাজার সম্প্রসারিত হবে। মূলত নতুন জিএসপি সুবিধার আওতা থেকে ভারতের টেক্সটাইল বাদ পড়ায় এ সম্ভাবনা সৃস্টি হয়েছে।
চলতি বছরের প্রথম দশ মাসে হোম টেক্সটাইল রপ্তানির পরিমান ১৩ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি বৃদ্ধি প্রায় ১৯ শতাংশ। এ অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতের রপ্তানি ৩৫ শতাংশ বাড়লেও কোটা পরবর্তীতে তা হ্রাস পায়।
বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি এমএ আওয়াল বলেন, ইইউ নতুন জিএসপি সুবিধার আওতায় ভারত বাদ পড়ায় সকল প্রাইমারি টেক্সটাইলের মতো হোম টেক্সটাইল রপ্তানির সম্ভাবনাও ব্যাপকভাবে বেড়েছে।
তিনি আরো বলেন, চলতি বছরে ইইউ বাজারে পাকিস্তানের হোম টেক্সটাইল রপ্তানির ওপর এন্টি ডাম্পিং এর জন্য উচ্চ কর আরোপ করা হয়েছে। মার্কিন বাজারে কোটামুক্ত সময়ে পাকিস্তানের হোম টেক্সটাইল রপ্তানি হ্রাস পাচ্ছে। ফলে সামগ্রিকভাবে দেশের হোম টেক্সটাইল রপ্তানি বাড়বে।
২০০৩-০৪ সালের এ খাতের রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পায়। গত বছরে মোট হোম টেক্সটাইল রপ্তানির প্রায় ৭৫ শতাংশ রপ্তানি হয় ইইউতে। অন্যদিকে মার্কিন বাজারে এ খাতের রপ্তানি প্রায় ১১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, দু’ বাজারেই আগামীতে এ খাতের দেশীয় প্রতিদ্বন্দী দেশগুলো অসুবিধায় সম্মূখীন হওয়ার কারণে আগামীতে দেশের হোম টেক্সটাইল রপ্তানি বাড়বে।
