২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি-বাঙালির মধ্যে বৈষম্যের অভিযোগের তদন্ত করছে ইউএনডিপি

জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রামে তাদের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালির মধ্যে বৈষম্য সৃষ্টির অভিযোগের তদন্ত শুরু করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ইউএনডিপি’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান মেজর জেনারেল (অব.) মাইনুল ইসলাম বান্দরবান এসে মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে এ তদন্ত কাজ শুরু করেন।

এ বিষয়ে মতামত গ্রহণের জন্যে তিনি সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা প্রশাসক শেখ আলাউদ্দিন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মতবিনিময়কালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জেনারেল মাইনুলকে জানিয়েছেন, সাম্প্রদায়িক বৈষম্যমূলক প্রকল্প গ্রহণের কারণে পার্বত্যাঞ্চলে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার তথ্যও তাকে অবহিত করা হয়।

এর আগে ইউএনডিপি’র অন্যতম উপদেষ্টা ড. নিয়াজ জামান বান্দরবান সফর করে প্রাথমিক তথ্য দেওয়ার পর প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

পার্বত্য শান্তিচুক্তির পর জাতিসংঘ এ এলাকায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের (সিএইচটিডিপি) আওতায় বিভিন্ন গ্রামে কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির কাজ শুরু হয়েছে।

বাঙালি নেতারা অভিযোগ করেছেন, এ কর্মসূচি থেকে বাঙালি বসতির গ্রামগুলোকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করেন, প্রকল্পে বাঙালিদের নিয়োগ না দিয়ে বিশেষ সম্প্রদায়ের লোকদেরই নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও ইউএনডিপি প্রকল্পের স্থানীয় কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায় নি।