শ্রীপুরে রাসায়নিক কারখানায় বিষ্ফোরণে আহত ১৬
জেলার শ্রীপুর উপজেলার বেরাইদের চালা সিএণ্ডবি এলাকায় টাওয়ার করপোরেশন লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানায় বিষ্ফোরণে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মী দীপক কুমার দে‘কে (৪৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক ও দমকল সূত্র জানায়, সোমবার রাত আড়াইটার দিকে ওষুধের ব্লিষ্টার ও ফয়েল তৈরির ওই কারখানার গুদামে বৈদ্যুতিক শটসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত বিস্তার লাভ করলে প্রথমে জয়দেবপুর ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। কিন্তু তারা আগুন নেভাতে ব্যর্থ হলে খবর দেওয়া হয় রমনা সদর দপ্তর, টঙ্গী ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনে।
আগুন নেভানো প্রচেষ্টার এক পর্যায়ে রাত সাড়ে চারটার দিকে প্রচণ্ড শব্দে গোডাউনে ডামভর্তি ক্যামিকেল বিষ্ফোরিত হয়। এ সময়ে আট ফায়ার ব্রিগেড কর্মীসহ ১৬ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
