২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ-এর বাধার মুখে পঞ্চগড়ের পাউবোর ৩টি প্রকল্পের বাঁধ নির্মাণ কাজ বন্ধ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) অব্যাহত হুমকি ও বাধার কারণে পঞ্চগড়ের ৩টি প্রকল্পের বাঁধের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। ২ কোটি ২১ লাখ টাকার এই ৩টি প্রকল্প হল-পঞ্চগড় সদরের ময়নাগুড়ির সীমান্তের করতোয়া ও আটোয়ারীর বর্ষালুপাড়া সীমান্তের নাগর নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ এবং তেঁতুলিয়া ও বাংলাবান্ধার মহানন্দা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পাউবোর কারিগরি সহায়তায় এসব প্রকল্পের কাজ চলতি অর্থ বছরের মধ্যে সমাপ্ত হওয়ার কথা। শুধুমাত্র ময়নাগুড়ি প্রকল্প এলাকার কাজটি বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে বিডিআর ও স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় রাতের অন্ধকারে শেষ করা হয়।

এ ব্যাপারে ঠিকাদার মতিয়ার রহমান ও জামাল হোসেন বিডিনিউজকে জানান, প্রায় দুই মাস আগে অন্যান্য প্রকল্পের ব্লক নির্মাণ কাজ শেষ হলেও বিএসএফের বাধার কারণে ডাম্পিং ও পেসিং করা যাচ্ছে না। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

তারা আরও জানান, শ্রমিকরা কাজ শুরু করলেই বিএসএফ গুলিবর্ষণ শুরু করে।

এ নিয়ে বিডিআর-বিএসএফের মধ্যে স্থানীয় পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সমাধান কিছুই হয়নি।

আন্তর্র্জাতিক সীমারেখার ১৫০ গজের মধ্যে এসব বাঁধ নির্মাণ করা হচ্ছে মর্মে অজুহাত দেখিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে নিষ্পত্তি করার কথা বলে বিএসএফ বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে। অথচ প্রতিটি কাজই জিরো লাইনের ১৫০ গজের বাইরে করা হচ্ছে।

পঞ্চগড় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ না হলে বরাদ্দকৃত টাকা ফেরৎ দিতে হবে।

তিনি বলেন, বাঁধ নির্মাণে দু'দেশের কর্মকর্তারা একমত হলেও দিল্লীর নির্দেশ পেয়ে বিএসএফ নদীতে সিসি ব্লক ডাম্পিং করতে দিচ্ছে না।

পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, পঞ্চগড়ের নদীগুলোর উৎপত্তি ভারতে হওয়ায় এবং বর্ষা মৌসুমে ভারত ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় নদীগুলোতে প্রচন্ড স্রোত হয়। অতিরিক্ত স্রোতের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে এ জেলার নদীগুলোর কয়েকশ’ একর জমি ভেঙ্গে ভারতে চলে যায়।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ জিয়াউল হক বিডিনিউজকে বলেন, আমাদের দেশের ভুখন্ড বাঁচাতে এসকল বাঁধ নির্মাণ জরুরী। এখনই এসব প্রকল্পের কাজ শেষ করতে না পারলে আমরা আরো অনেক জমি হারাব।

তিনি জানান, এসব সমস্যা চিহ্নিত করে উপর মহলে প্রেরণ করা হয়েছে। ঢাকা-দিল্লী বৈঠক ছাড়া এ সমস্যার সমাধান করা সম্ভব নয়।