২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের জন্যে রাইসের কাছে ১২ সিনেটর ও কংগ্রেসম্যানের চিঠি

চার প্রভাবশালী মার্কিন সিনেটর ও আট কংগ্রেস সদস্য বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলার জন্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তারা মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কাছে সম্প্রতি লেখা এক চিঠিতে এ আহবান জানান।

চিঠিতে তারা শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড, ২০০৪ সালের মে মাসে ব্রিটিশ হাই কমিশনারকে হত্যা প্রচেষ্টা ও ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষের কথা উল্লেখ করে বলেছেন, ঘটনাগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে।

চিঠিতে তারা বলেন, যারা কিবরিয়া হত্যাকাণ্ড চালিয়েছে, নির্দেশ দিয়েছে এবং যারা হত্যাকারীদের রক্ষার জন্যে কাজ করে যাচ্ছে, তদন্তে যদি তাদের বিচারের কাঠগড়ায় না আনা হয়, তাহলে আমরা আপনার কাছে আহ্বান জানাই, আপনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব আনুন। এ পদক্ষেপ পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে, আন্তর্জাতিক সম্প্রদায় এমন কোনও পরিবেশ কখনই বরদাশত করবে না, যেখানে রাজনৈতিক সহিংসতা বেড়ে উঠতে পারে।

তারা চিঠিতে বাংলাদেশ সরকার কর্তৃক আট ব্যক্তিকে গ্রেফতার এবং সরকারও এ ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করে বলে প্রশংসা ব্যক্ত করেন।

তারা কন্ডোলিৎসা রাইসকে আহ্বান জানান, আপনার পক্ষে যা কিছু করা সম্ভব করুন, যাতে এ হত্যার তদন্ত সুষ্ঠু, দ্রুত ও স্বচ্ছভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হয়। তদন্ত যেন বিচার প্রক্রিয়ায় সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনে এবং সমাজের সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ও যক্তিযুক্ত হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রতিনিধি দল এ লক্ষ্যকে অর্জনের দিকে এগিয়ে নিতে পারে।

সবশেষে তারা বলেন, আমরা আপনার সদয় উত্তর এবং গুরুত্বপূর্ণ এ ইস্যুতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় থাকলাম।

যে ১২ জন সিনেটর ও কংগ্রেস সদস্য চিঠিটিতে স্বাক্ষর করেন, তারা হলেন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি, সিনেটর জন ই সুনুনু, সিনেটর জন এফ কেরী, সিনেটর লিঙ্কন ডি সাফি এবং কংগ্রেসম্যান বার্নি ফ্রাঙ্ক, জন ডব্লিউ অলভার, রিচার্ড ই নিয়েল, জেমস পি ম্যাকগভর্ন, জন এফ টিয়ের্নি, এডওয়ার্ড জে মার্কি, মাইকেল ই কাপুয়ানো এবং চালর্স এফ ব্যাস।