আদালতের আদেশ জাল, ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিম্ন আদালতের আদেশ জাল করে হাইকোর্টে দাখিলের অভিযোগে সোমবার সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত।
হাইকোর্টের সহকারি রেজিস্ট্রার আব্দুল কাদেরের দায়ের করা মামলায় ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইবুনালের সেরেস্তা সহকারি ও নকলনবীশ খন্দকার শহীদুল ইসলাম, সই মুহুরী নকলের তুলনাকারী অলিউল ইসলাম এবং ওই দ্রুত বিচার ট্রইব্যুনালের একটি মামলার আসামি আয়েশা খাতুন, শফিউল আজম, হোসেন মেম্বার, বাবুল হোসেন ও শামসুদ্দিন বেপারির বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলায় বলা হয়, অভিযুক্ত আয়েশা, শফিউল হোসেন, শামসুদ্দিন আদালতের দুই কর্মচারির সহায়তায় ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি আদেশ জাল করে হাইকোর্টের একটি ফৌজদারি রিভিশন মামলায় জমা দেয়। হাইকোর্ট বিষয়টি না জেনে ওই রিভিশন মামলায় রুল জারি করে নিু আদালতের আদেশ স্থগিত করেন।
পরে বিষয়টি ধরতে পেরে হাইকোর্টের ডেপুটি আ্যটর্নি জেনারেল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে অবহিত করেন।
রিভিশন শুনানিকালে মামলার মূল নথিটি যাচাই করার পর হাইকোর্ট জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন।
পরে হাইকোর্টের বেঞ্চ আইন অনুযায়ী রেজিস্ট্রারকে ঢাকার সিএমএম আদালতে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নালিশি মামলা করার নির্দেশ দেন।
মহানগর হাকিম এজেএম আবদুল্লাহ হেল বাকী বাদির বক্তব্য শুনে ওই সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
