২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়া মসজিদে হামলার পর উদ্ধারকৃত বোমাগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে বিশেষজ্ঞ দল

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়া মসজিদে অগ্নিসংযোগ ও বোমা হামলার পর উদ্ধারকৃত চারটি তাজা বোমা সোমবার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে বোমা হামলার পর ব্রাহ্মনবাড়িয়া আহমদিয়া অধ্যুষিত এলাকায় নারী ও শিশুরা আতঙ্কে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

কুমিল্লা সেনানিবাসের ১২ নং ইঞ্জিনিয়ারিং কোরের মেজর ইকবাল ওয়াহেদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বোমা বিশেষজ্ঞ দল সোমবার বেলা তিনটায় কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে কুড়ুলিয়া খালের নির্জন পাড়ে পুলিশ সুপারের উপস্থিতিতে এ বিস্ফোরণ ঘটায়।

বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হওয়ার পর আশে-পাশের মানুষদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। সেনাবাহিনীর বোমা বিস্ফোরণ দলের প্রধান মেজর ইকবাল ওয়াহেদ বোমার ধরণ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিশেষজ্ঞ দলের কয়েকজন সদস্য জানান, চারটি বোমাই উচ্চ ক্ষমতাসম্পন্ন। ব্যাটারি সংযোগের ত্রুটির কারণে সম্ভবত বিস্ফোরিত হয়নি।

বোমার ধরণ সম্পর্কে সেনা বিশেষজ্ঞ দল পুলিশের কাছে লিখেছে, এগুলো বোমার ন্যায় ককটেল এবং দেশীয় তৈরি।’ বোমাগুলো কোথা থেকে কেনা হয়েছিল এ ব্যাপারে পুলিশ অনেকটা নিশ্চিত হয়েছে বলে তারা জানিয়েছে। পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, দেশের একজন শীর্ষ বিষ্ফোরক ব্যবসায়ীর কাছ থেকে এ গুলো সংগ্রহ করা হয়েছিল। তাকে গ্রেফতার করতে পারলেই মূল ঘটনা বেড়িয়ে আসবে।

এ দিকে বোমা সরবরাহের সন্দেহে গ্রেফতারকৃত চঞ্চল ওরফে সুমন, সিদ্দিক মিয়া ও মোহিত মিয়াকে দুই দিনের রিমান্ডে এনে পুলিশ তাদের জিজ্ঞসাবাদ করছে। তবে জিজ্ঞাসাবাদ সম্পর্কে পুলিশ সাংবাদিকদের কোন তথ্য দিচ্ছে না।

সোমবার আহমদিয়া অধ্যুষিত কান্দিপাড়া এলাকায় সরজমিনে ঘুরে দেখা গেছে, নারী ও শিশুদের মধ্যে এখনও আতঙ্ক রয়ে গেছে। এলাকার মনোয়ার আহমদের কন্যা চৈতি আতঙ্কের কারণে অসুস্থ হয়ে পড়েছে। চৈতির বাবা মনোয়ার জানান, সন্ধ্যা হলেই চৈতি ভয়ে কুঁকড়ে উঠে এবং বমি করতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, চৈতির মতো অনেক শিশু এখন রাতে ভয়ে কাঁদতে থাকে এবং বড়দের কাছে তাদের আতঙ্কের কথা জানায়।