২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশের সবচেয়ে নিপীড়িত মানুষ এখন চা বাগানের ৮ লাখ আদিবাসী’

চা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হলেও দেড়শ’ বছর ধরে আদিবাসী চা শ্রমিকেরা কাটাচ্ছে ক্রীতদাসের জীবন। বাংলাদেশের এখন সবচেয়ে নিপীড়িত মানুষ ১৬০টি চা বাগানের প্রায় আট লাখ আদিবাসী শ্রমিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 03:03 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সোমবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

‘চা জনগোষ্ঠির প্রান্তিকতা এবং পার্বত্য চট্টগ্রাম ও মধুপুরের আদিবাসীদের সম্প্রতিক উদ্বেগ’ শীর্ষক এই দিনভর আয়োজনে প্রথম পর্বে সভাপতিত্ব করেন প্রমোদ মানকিন এমপি। আলোচনা করেন সেডের সাধারণ সম্পাদক ফিলিপ গাইন, ড. আশোক বিশ্বাস ও শ্রীমঙ্গলের চা শ্রমিক নেত্রী কুমারী মৃধা। এতে সারাদেশ থেকে আসা বিভিন্ন আদিবাসী গোষ্ঠির নেতারা উপস্থিত ছিলেন।

ফিলিপ গাইন তার গবেষণার আলোকে বলেন, চা বাগানের আদিবাসী শ্রমিকেরা বংশ পরম্পরায় শোষিত হতে হতে বন্দী এক জীবনচক্রে আটকা পড়েছেন। তাদের এই বন্দী দশা থেকে মুক্তি পাওয়া কঠিন।

তিনি বলেন, চা বাগানের স্কুলগুলোর দশা ইচ্ছে করে এমন করে রাখা হয়েছে, যাতে আদিবাসী শিশুরা প্রাথমিক স্কুল থেকেই ঝরে পড়ে। ফলে অভাবের তাড়নায় চা শ্রমিকের সন্তানেরা কিশোর বয়সেই পেশা হিসেবে চা বাগানের দাসত্ব মেনে নিতে বাধ্য হয়।

কুমারী মৃধা তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আমরা চা শ্রমিকদের কেউ মানুষ বলে মনে করে না। সকলেই মনে করে আমরা নিচু জাতের অস্পৃশ্য জীব।’

তিনি বলেন, একে আমাদের ওপর রয়েছে, মহাজনী সুদের শোষণ। উপরন্তু নেশা আর মাদক আমাদের একেবারে নাগপাশে বেঁধে ফেলেছে।

পার্বত্য জেলা খাগড়াছড়ির দিঘীনালায় ৪৫ একর জমিতে বিডিআর ব্যাটেলিয়ান ক্যাম্প স্থাপন করা হলে ১০০ আদিবাসী পরিবার ভিটেমাটি থেকে উচ্ছেদ হবেন বলে পাহাড়ি নেতারা আশঙ্কা প্রকাশ করেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, মধুপুরের ইকো পার্ক প্রকল্পের কারণে সেখানের প্রায় ২৫ হাজার আদিবাসী মানুষের জীবন ও জীবিকা এখন হয়ে পড়েছে বিপর্যস্ত।