২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতির অবণতি, নতুন এলাকা প্লাবিত: শিশুর মৃত্যু

প্রচুর বৃষ্টিপাত ও পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে শনিবার দেশের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে উত্তরাঞ্চলীয় জেলা গুলোতে বন্যা পরিস্থিতির অবণতি ঘটেছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীফামারীর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

কুড়িগ্রামের হলোখানা এলাকায় শনিবার বন্যার পানি ডুবে মৌসুমী নামের এক দু’বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। এখানকার প্রায় দেড় হাজার পরিবার বন্যা কবলিত। এদের মধ্যে তিনশ পরিবার এখন আশ্রয়হীন।

তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

ধরলা নদীর পানি ক্রমেই বাড়ছে। এ নদীর পানি দু কূল ছাপিয়ে চর এলাকা ভাসিয়ে নিয়ে গেছে।

ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম জেলার প্রায় ১০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। অনেক স্থানের রাস্তা ঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রাম জেলার প্রতিটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বিডিনিউজের গাইবান্ধা প্রতিনিধি জানান, প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে জেলার সীমান্তবর্তী এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার তিস্তা, করতোয়া, ঘুঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ১৭টি ইউনিয়নের ১৯টি গ্রাম প্লাবিত হয়েছে।

সবচে বেশি বন্যা কবলিত এলাকাগুলো হল-তারাপুর, হরিপুর, কাপাসিয়া, কামরজানী, ঘিদারি, মোল্লারচর, কাঞ্চিপাড়া, ফজলপুর, আরেন্দাবাড়ি, উখিয়া, গজারিয়া এবং হালদিয়া।

গাইবান্ধা শহর রক্ষা বাধে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। সূত্র জানায়, ভারতের গজালডোবা বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার কারণে গত কয়েকদিনে বন্য পরিস্থিতির অবনতি ঘটেছে।

এদিকে আগামী ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি দেশের সবকটি পয়েন্টে বাড়ছে। এবং দেশের পূর্বাঞ্চলে মেঘনা নদীর পানি বাড়তে পারে।

৮৬ পয়েন্টের মধ্যে ৪৫টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, ১৬টিতে কমেছে, ২টি অপরিবর্তিত রয়েছে এবং ২টি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘন্টায় প্রচন্ড বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির এই অবণতি।

জামালপুরে ৮০ দশমিক চার মি.মি, সুনামগঞ্জে ৮০ মি.মি দূর্গাপুরে ৬০ মি.মি, ময়মনসিংহে ৪০ দশমিক ৫ মি.মি সাতক্ষীরায় ৪৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।