ব্রাহ্মণবাড়ীয়ায় আহমদীয়াদের মাঝে আতঙ্ক
ব্রাহ্মণবাড়ীয়া শহরের কান্দিপাড়ায় অবস্থিত আহমদীয়া মুসলিম জামাতের মসজিদে শুক্রবার অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনায় সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসী। আহমদীয়া জামাতের জেলা আমীর ওই ঘটনায় দু’টি মামলা দায়ের করেছেন।
এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আহমদীয়া সম্প্রদায়ের প্রতি হুমকি সম্বলিত পোস্টারও জব্দ করেছে পুলিশ।
অচিরেই বোমা হামলার রহস্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার পুলিশ সুপার।
মসজিদে অগ্নিসংযোগ ও বোমা হামলার পর কান্দিপাড়া মহল্লায় বসবাসকারী আহমদীয়া সম্প্রদায়ের প্রায় ১৫ হাজার অনুসারী চরম আতঙ্কের মাঝে রযেছেন। বিশেষ করে এলাকার নারী ও শিশুদের ভয় এখনো কাটে নি। জোরালো যে কোনো শব্দে শিশুরা এখনো আঁতকে উঠছে।
সম্প্রদায়ের জেলা আমীর মঞ্জুর হোসেনের দায়েরকৃত মামলায় অবশ্য সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ দণ্ডবিধির ২৯৫/৪৩৬ তৎসহ বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় মামলা গ্রহণ করে।
এদিকে বোমা প্রস্তুতের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শনিবার দুপুরে শহরের উত্তর মৌড়াইল এলাকার সুমন ওরফে চঞ্চল নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে তবে বোমা হামলার কোনো ক্লু পাওয়া যায়নি।
তবে পুলিশ সুপার এটিএম তারেক জানান, বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অচিরেই রহস্য উদঘাটিত হবে।
দায়েরকৃত মামলা দু’টির তদন্ত করছেন দু’জন এসআই। এএসপি (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান তদন্ত তদারকির দায়িত্ব পেয়েছেন।
কান্দিপাড়া থেকে উদ্ধারকৃত অবিস্ফোরিত তিনটি বোমা নিষ্ক্রিয় করার জন্য কুমিল্লা সেনানিবাসের বোমা বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে।
সদর থানা পুলিশ অগ্নিদগ্ধ মসজিদ এলাকা থেকে আহমদীয়া সম্প্রদায়ের প্রতি হুমকি সম্বলিত একটি পোস্টার জব্দ করেছে। ওই পোস্টারে ১৭ জুলাইয়ের মধ্যে সকল ‘অনৈসলামিক কাজ’ বন্ধ করার হুমকি দিয়েছে এমবি গ্রুপ নামে একটি সংগঠন। বোমা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে সন্দেহে পুলিশ কথিত এমবি গ্রুপের লোকজনকে খুঁজছে।
ব্রাহ্মণবাড়ীয়া জেলায় আহমদীয়া বিরোধী তৎপরতার শুরু ১৯৫৩ সালে। ওই সময় স্থানীয় লোকনাথ ময়দানে আহমদীয়াদের এক ধর্মীয় সমাবেশে খতমে নবুওয়তের হামলায় দুই ব্যক্তি নিহত হয়। এ পর্যন্ত আহমদীয়াদের পাঁচটি মসজিদ বেদখল করা হয়েছে।
সেই থেকে এখন পর্যন্ত এখানে বিভিন্ন সময়ে আহমদীয়া সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চলছেই-বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক মাঝ বয়েসী ব্যক্তি।
নাম প্রকাশ না করার শর্তে একজন বামপন্থী রাজনৈতিক কর্মী জানান, এ জেলা থেকেই ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফজলুল হক আমিনী নির্বাচিত হওয়ায় এখানে আহমদীয়া বিরোধী কর্মকাণ্ড খুবই সংগঠিত।
জেলা ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি ও ১১ দলভুক্ত অন্যান্য সংগঠনের নেতারা ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
