২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সাজেদা চৌধুরীর প্রাণনাশের চেষ্টা, আওয়ামী লীগ অফিস ভাংচুর, শতাধিক আহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শনিবার দুপুরে বিএনপি’র ক্যাডারদের হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিযাম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

হামলাকারিরা উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর করে। এ সময়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হয়।

শনিবার বিকাল সাড়ে চারটায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাজেদা চৌধুরী হামলার ঘটনার বিস্তারিত বিবরণ দেন। এ সময়ে তার সঙ্গে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাজেদা চৌধুরী বলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ অফিসে পূর্ব নির্ধারিত কর্মী সভায় যোগ দিতে তিনি নগরকান্দা যাওয়ার আগেই দুপুরে বিএনপির ক্যাডাররা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও শতাধিক নেতা কর্মীকে আহত করে।

তিনি বলেন, ‘উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অনু, যুবদলের সেলু ও তৈয়বের নেতৃত্বে প্রায় দু’শতাধিক ক্যাডার পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।’

হামলার খবর পেয়ে তিনি নিজগ্রাম রসুলপুর থেকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার সময় উপজেলা সদরে প্রবেশকালে বিএনপির ক্যাডাররা তার গাড়ীর ওপর হামলা করে। এ সময়ে তার সঙ্গে থাকা নেতা কর্মীরা মানব প্রাচীর গড়ে তাকে রক্ষা করে।

সম্মেলনে সাজেদা চৌধুরী বলেন, তিন চার দিন আগে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন পূর্ব নির্ধারিত ২৫ জুনের এই কর্মী সভা করতে নিষেধ করেন। কিন্তু পুলিশ সুপারের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি পূর্ণ নিশ্চয়তা দেন। তবে ঘটনার দিন পুলিশ নিরব ভুমিকা পালন করে। আর ওই কর্মকর্তা শনিবার ছুটিতে ছিলেন।

এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী বলেন, তার প্রাণনাশের উদ্দেশ্যেই বিএনপি ক্যাডাররা এই হামলা চালায়।

অন্যদিকে, এই হামলার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা শহরের জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয় এবং এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়াও আওয়ামী লীগের প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ পৃথক বিবৃতি দিয়েছে এবং হামলার প্রতিবাদে রোববার ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দেওয়া হয়েছে।