২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা বিস্ফোরণ: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠিত

টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ফিল্ডে শুক্রবারের বিষ্ফোরণের ঘটনা তদন্তে সরকার শনিবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এখনও সেখানে ১০০ থেকে ১২০ ফুট উচ্চতায় আগুনের শিখা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট ড. আনোয়ারুল আজিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে এবং কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান প্রধানমন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তদন্ত কমিটির অনুমোদন পেয়েছেন।

ড্রিলিংয়ের কারণে ছয় মাসে দুইবার বিষ্ফোরণ ঘটনায় সুনামগঞ্জ জেলার দেয়ারবাজার উপজেলায় অবস্থিত গ্যাস ফিল্ডের আশে পাশের লোকজন নাইকো রিসোর্সেস’র ‘অনভিজ্ঞতা’র বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

গ্যাস ফিল্ডের আশপাশের ২০টি গ্রামের মানুষ ক্রমেই উত্তেজিত হয়ে উঠছে। অনাকাংখিত ঘটনা এড়াতে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাপেক্স’র সঙ্গে যৌথ উদ্যোগে কানাডিয় কোম্পানী নাইকো রিসোর্সেস টেংরাটিলা গ্যাস ফিল্ডে অপারেশন শুরু করে। শুক্রবার সকালে গ্যাস ফিল্ডে নতুন বিষ্ফোরণের কারণে দিন শেষে ব্যাপকভাবে আগুন ধরে যায়।

এ বছরের জানুয়ারির ৭ তারিখে বিস্ফোরণের পর কূপে আগুন ধরে গেলে তা বন্ধ করতে নাইকো এ রিলিফ কূপটি খনন শুরু করে।

বিশেষজ্ঞরা মনে করছেন রিলিফ কূপ খননে বিলম্বের কারণেই ছয় মাসের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। সরকার নাইকোকে ১৫ দিনের মধ্যে অপর একটি রিলিফ কূপ খনন করে আগুন বন্ধ করার নির্দেশ দিয়েছে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান শনিবার নাইকো রিসোর্সেস বাংলাদেশের প্রেসিডেন্ট কাশেম শরিফকে ডেকে পাঠান এবং এই নির্দেশ দেন। অন্যদিকে তিনি সাত দিনের মধ্যে নাইকোকে একটি কর্মসূচি জমা দিতে বলেন।

এত অল্প সময়ের মধ্যে একটি রিগের মোবিলাইজেশন সম্ভব কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রহমান বলেন, তিনি এ ব্যাপারে সাহায্য করবেন।

নাইকোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বৈঠক সফল হয়েছে। বৈঠকের ফলাফলে আপনারা খুশি হবেন।

অন্যদিকে, সরকার বাপেক্স’র দুই ম্যানেজারকে বহিষ্কার করেছে। টেংরাটিলায় নাইকোর ড্রিলিংয়ের ব্যাপারে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

মাহমুদুর রহমান বলেন, আমি মনে করি এ ঘটনায় নাইকো ও বাপেক্স-উভয় পক্ষের দোষ রয়েছে। তিনি সোমবার বিস্ফোরণস্থল পরিদর্শন করবেন।

জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত মাহমুদুর রহমান তদন্ত কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির কার্য পরিধির মধ্যে রয়েছে-ছয় মাস আগে সংঘটিত দূর্ঘটনার প্রেক্ষাপটে নাইকো কর্তৃক নতুন করে ড্রিলিং শুরু করার সময় এ ধরণের দুর্ঘটনা মোকাবেলার যথেষ্ট প্রস্তুতি (মানবসম্পদ, সরঞ্জামাদি ইত্যাদি) ছিল কিনা তা পর্যালোচনা।

পুনরায় ড্রিলিং কার্যক্রম শুরু করার আগে নাইকোর প্রণীত ডিজাইন সঠিক ছিল কিনা এবং তা কোন পর্যায়ে কোন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছিল তা পর্যালোচনা করা।

পেট্রোবাংলা বা বাপেক্স কর্তৃক ড্রিলিং কার্যক্রম যথাযথভাবে পরিবীক্ষণের লক্ষ্যে উপযুক্ত ব্যস্থাদি ছিল কিনা তা পর্যালোচনা করা।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এডমিন/অপরেশন) শেখ আব্দুর রশিদ, তদন্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ইন্সটিটিউট অব এপ্রোপিয়েট টেকনোলজির পরিচালক ড. এম নুরুল ইসলাম, আরপিজিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফজলে এলাহি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক রহমান মোরশেদ, পেট্রোবাংলার সিনিয়র জিএম কাজী শহিদুর রহমান এবং হাইড্রোকার্বন বিভাগের স্ট্রাটেজিক পলিসি এক্সপার্ট মাইনুল হক।

ইএমআরডি এক অফিস আদেশে জানায়, তদন্তের স্বার্থে কমিটি যে কোন টেকনিক্যাল সদস্যকে অন্তর্ভূক্ত করতে পারবে।

জানুয়ারির ৭ তারিখের বিষ্ফোরণের তদন্তে ইএমআরডি’র অতিরিক্ত সচিব এহছানুল ফাত্তাহকে নিয়ে গঠিত কমিটি জানায়, নাইকোর ক্রুটিপূর্ণ ড্রিলিং ডিজাইনের কারণেই বিষ্ফোরণ ঘটে।

এছাড়াও কমিটি নাইকোর ড্রিলিং পর্যবেক্ষণে বাপেক্স’র দুর্বলতার কথাও উল্লেখ করে।

জানুয়ারির ৭ তারিখের বিষ্ফোরণের ঘটনায় ইতোমধ্যে নাইকো স্থানীয় জনগণের মাঝে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সুনামগঞ্জের ডেপুটি কমিশনারকে প্রধান করে গঠিত একটি কমিটি জানায় বিষ্ফোরণে স্থানীয় জনগণের ১১ দশমিক ৩ মিলিয়ন টাকার ক্ষতি হয়েছে।

প্রাথমিক পর্যায়ে নাইকো স্থানীয় জনগণের মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করবে।