২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ঢাবি অধ্যাপক সিতারা পারভীন নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীন বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শিকাগোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অধ্যাপক সিতারা পারভীন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তার স্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী বিডিনিউজকে জানান, দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন সিতারা পারভীনের বোন শাহানা পারভীন। তারা শিকাগো থেকে পাশের শহর ক্যানসাসে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। সাথে ছিলেন শাহানা পারভীনের স্বামী মিশেল স্মিথ। পেছন থেকে একটি বেপরোয়া গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, দুর্ঘটনায় আহত শাহানা পারভীনের অবস্থা উন্নতির দিকে হলেও তার স্বামী মার্কিন স্থপতি মিশেল স্মিথের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আহাদুজ্জামান আরও জানান, আমরিকা থেকে সিতারা পারভীনের লন্ডন হয়ে আগস্টে ঢাকা ফেরার কথা ছিল। লন্ডনে আরেক বোনের সাথে সিতারা পারভীনের মা রয়েছেন।

ড. সিতারা পারভীন ইনিস্টিটিউট অব উইমেন্স পলিসি রিসার্চ (আইডব্লিউপিআর)’র একটি কনফারেন্সে অংশ নেওয়ার জন্য ১৮ জুন আমেরিকা যান। সোমবার সেখানে একটি নিবন্ধ উপস্থাপন করেন।

দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার একমাত্র মেয়ে এষা শ্রাবণী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করছেন।

শিকাগো থেকে প্রকাশিত ডেইলি হেরাল্ড পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জানা যায়, সেখানকার স্থানীয় সময় সকাল সোয়া দশটায় দুর্ঘটনাটি ঘটে। ইলিনয় স্টেট পুলিশের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সিতারা পারভীন, তার বোন এবং বোনের স্বামী একটি শেভরলেট ব্লেজার গাড়িতে ইলিনয় থেকে শিকাগোর দিকে আসছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি ডজ ক্যারাভান গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এ গাড়িটি চালাচ্ছিল জোয়ান স্ট্রমেয়ার নামে এক মহিলা।

ড. সিতারার আহত বোন শাহানা পারভীনকে জোলিয়েট-এর সেন্ট জোসেফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তার ভগ্নিপতি মিশেলকে বিমানে করে ডাউনারস গ্রোভ এলাকার গুড স্যামারিটান হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের আমেরিকা প্রবাসী ভাই শিবলি জানিয়েছেন, তার বোনের মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। তবে এ ব্যাপারে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং শিকাগোতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক, সিতারা পারভীনের প্রাক্তণ সহকর্মী, বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ড. আলী রিয়াজ বলেন, সিতারা পারভীনের সম্মেলন সংক্রান্ত কাজ শেষেই আমি তার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, তিনি আর নেই।

মৃত্যুর খবর পেয়েই শোকার্ত আত্মীয়-স্বজন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা তার গুলশানের বাসভবনে ছুটে যান। এদের মধ্যে আছেন, নিহত অধ্যাপকের ভাসুর বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি, বিরোধী দলের নেতা’র রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ। গুলশানের বাসায় নিহতের স্বামী ড. আহাদুজ্জামান বলেন, যা হয়ে গেছে তাতো কিছুতেই ফেরানো যাবে না।... তবু অনেক আগে চলে গেল...।

নিহত অধ্যাপকের ভাসুর বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি বলেন, আমি কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছি না।

সিতারা পারভীনের বাবা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সকাল থেকেই বাকরুদ্ধ হয়ে তার ঘরে একা বসে আছেন। তার সাথে একই বাসায় স্বামী ও কন্যাসহ সিতারা পারভীন থাকতেন।

অধ্যাপক সিতারা পারভীন ১৯৫৩ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ এবং সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ইংল্যান্ডের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন স্টাডিজের ওপর পিএইডি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৭৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইস্টার্ন নিউজ এজেন্সিতে (এনা) সহ-সম্পাদক হিসেবে কাজ করেন।

১৯৮২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯২ সালের নভেম্বরে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ১৯৯৬ থেকে ৯৯ সাল পর্যন্ত তিনি বিভাগের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের সেপ্টেম্বরে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, বিরোধী দলের নেতা শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।