ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হত্যা মামলার আসামী গ্রেফতার হয়নি, মালামাল ক্রোক
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান মনির হত্যা মামলার কোনও আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে আদালতের নির্দেশে শুক্রবার দুই আসামীর মালামাল ক্রোক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মনির হত্যা মামলার আসামীরা পলাতক থাকায় বৃহস্পতিবার আদালত তাদের মালামাল ক্রোকের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে পুলিশ শুক্রবার সকালে শহরের আলীপুর এলাকায় অবস্থিত মামলার প্রধান আসামী শেখ আলী ও অপর আসামী মিন্টু শেখের বাড়ির মালামাল ক্রোক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আমিনুল ইসলাম বিডিনিউজকে বলেন, দু’জন আসামীর মালামাল ক্রোক করেছি। বাকি সাত আসামী পলাতক। তাদের নিজেদের মালিকানায় কোনও মালামাল নেই। তাই তাদের মালামাল ক্রোক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, পলাতক আসামীদের গ্রেফতার করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, গত ২০ জুন সকালে শহরের আলীপুর এলাকায় একদল সন্ত্রাসী প্রকাশ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে গুলি করে হত্যা করে।
