কুড়িগ্রাম-রংপুর সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
কুড়িগ্রাম-রংপুর সড়কে ১১ কোটি টাকা ব্যয়ে যে সংস্কার কাজ চলছে তা’তে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সড়ক ও জনপথ বিভাগের এ সংস্কার কাজে সংশ্লিষ্ট ঠিকাদাররা পুরোনো পাথর ও খোয়া ব্যবহার করে কোনও রকম দায়সারাভাবে কাজ সম্পন্ন করছে।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, এ সড়কের প্রায় ২৫ কিলোমিটার এলাকা সংস্কারের জন্য ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা। ঢাকা থেকে এ কাজের দরপত্র গ্রহণ করা হয়। সংস্কারাধীন রাস্তার ১৩ কিলোমিটার লালমনিরহাট জেলা ও ১২ কিলোমিটার কুড়িগ্রাম জেলার অধীন।
কুড়িগ্রাম অংশের কাজের তত্ত্বাবধান করছে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের একজন উপ-বিভাগীয় প্রকৌশলী, একজন এসও এবং একজন ওয়ার্ক এসিসট্যান্ট।
সরজমিন অনুসন্ধান করে দেখা গেছে, যারা এ কাজের তত্ত্বাবধান করছেন তাদের কাছে কাজের বিবরণ সম্বলিত কোনও কাগজপত্র নেই। এমনকি কাজের তালিকার সাথে দরপত্রের মিল কতটুকু তাও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজে নিম্নমানের বালু ও খোয়া ব্যবহার করছে।
কুড়িগ্রাম সড়ক উপ-বিভাগ-১-এর উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলামের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু কিছু অভিযোগ তিনি শুনেছেন। তবে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মানসম্মতভাবে কাজ বুঝে নেওয়া হচ্ছে।
