‘র্যাব’ মানুষের নিরাপত্তা রক্ষা করতে পারছেনা বরং জনমনে ত্রাস সৃষ্টি করছে: সমাবেশে বক্তারা
দেশে নিরাপত্তা কাজে নিয়োজিত বিশেষ বাহিনী ‘র্যাব’ মানুষের নিরাপত্তা রক্ষা করতে পারছেনা বরং জনমনে ত্রাসের সৃষ্টি করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সমাবেশ এ কথা বলা হয়।
দেশে অব্যাহত নারী নির্যাতন প্রতিরোধ, নারীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং জনজীবনের নিরাপত্তার দাবিতে তারা এ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ সভানেত্রী হেনা দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আয়েশা খানম, কোষাধ্যক্ষ দিল আফরোজ দিলু, অ্যাডভোকেট মাসুদা খাতুন প্রমুখ।
আয়েশা খানম তার বক্তব্যে বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে নারীদের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ একের পর এক হেরেম হেরেম খেলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেশে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছেনা বরং সন্ত্রাস, চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে।
তিনি বলেন, সংসদে নারীদের আসন সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট জনকল্যাণের বাজেট নয়। এতে তৃণমূল পর্যায়ের নারীদের জন্যে অর্থ বরাদ্দ করা হয়নি বরং গ্রামের লাঠিয়াল বাহিনীর জন্যে অর্থ বরাদ্দ করা হয়েছে।
সভানেত্রী হেনা দাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশে মানবাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বৈষম্যমুক্ত সমাজে গড়ে তোলার আহ্বান জানান এবং ক্রসফায়ারে মানুষ হত্যার নিন্দা জানান।
সমাবেশে এরপর সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবনা পেশ করা হয়। এতে সরকারের প্রতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ ছাড়া নারীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়।
