হাতিয়ার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো আশ্রয়ের অযোগ্য হয়ে পড়ছে
হাতিয়ার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে দিন দিন ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
হাতিয়া দ্বীপের চারদিকে রয়েছে নিঝুম দ্বীপ, ঢালচর ও বয়ারচরসহ অসংখ্য জনবসতিপূর্ণ চরাঞ্চল। এই এলাকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিবিড়ভাবে জড়িয়ে আছে। প্রাকৃতিক দুর্যোগের সময় শুধুমাত্র আশ্রয়ের অভাবে বহু মানুষ প্রাণ হারায়। স্বাধীনতা-উত্তর গত ৩৩ বছরে হাতিয়া দ্বীপে প্রাকৃতিক দুর্যোগেই অর্ধ লক্ষাধিক লোক প্রাণ হারিয়েছে।
সূত্র জানায়, ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের পর হাতিয়ায় ১০৫ টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এর মধ্যে সৌদি আরব ৪৩ টি, রেড ক্রিসেন্ট ২২ টি, বিশ্ব ব্যাংক ১৮ টি, কারিতাস নয়টি, জাপানের অনুদানে ছয়টি, প্রশিকা চারটি, হিড বাংলাদেশ দুটি এবং অক্সফাম একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করে।
বর্তমানে অযত্ন-অবহেলায় আশ্রয়কেন্দ্রগুলোর বেহাল অবস্থা পরিলক্ষিত হচ্ছে। অধিকাংশ আশ্রয়কেন্দ্রের দরজা-জানালা নেই, নলকূপগুলো অকেজো ও শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অনেকগুলো আশ্রয়কেন্দ্রে যাতায়াতের কোনও পথও নেই। বেশকিছু আশ্রয় কেন্দ্রের ছাদ ও দেয়ালের আস্তর খসে পড়ছে।
এদিকে স্থানীয় প্রভাবশালীদের কেউ কেউ আশ্রয়কেন্দ্রগুলোকে আলু, বাদাম, মরিচ, ডাল, ধান ও পাট রাখার গুদাম হিসাবে ব্যবহার করছে। কয়েকটি আশ্রয়কেন্দ্র আবার পুলিশ ব্যারাকে পরিণত হয়েছে। কোনও কোনও আশ্রয়কেন্দ্রের সামনে থেকে মাটি খনন করে পুকুর তৈরি করায় আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনার ভয়ে দুর্যোগের সময় মানুষ আশ্রয়কেন্দ্রের ভিতরে যেতে সাহস পায় না।
জানা যায়, স্থানীয় প্রশাসনের সুষ্ঠু তদারকির অভাবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো দিন দিন আশ্রয় নেওয়ার অযোগ্য হয়ে পড়েছে।
