২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানিতে প্রতারণার পুনরাবৃত্তি রোধ করা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম বুধবার স্বীকার করেছেন যে, গত তিন মাসে কিছু অনাকাঙ্খিত ও দুভার্গ্যজনক ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এ সময় অবৈধভাবে বিদেশে গমন করার কারণে বাংলাদেশী নাগরিকরা গ্রেপ্তারবরণ করে এবং ভূমধ্যসাগর ও সাহারা মরুভূমি অঞ্চলে মৃত্যুবরণ করে।

ক্ষমতাসীন দলের সাংসদ মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে বুধবার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান শেষে বেশ কটি ট্রাভেল এজেন্সি এবং দালাল চক্রকে চিহ্নিত করেছে।

তবে তিনি বলেন বাংলাদেশের কোন লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি এ ধরণের প্রতারণার সাথে জড়িত নয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে ১১৫ জন শ্রমিক গার্মেন্টসে চাকুরির জন্য জর্ডানে গিয়েছিল তাদের বেতন এবং চাকুরির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছিল।

তিনি বলেন, যে রিক্রুটিং এজেন্সি জর্ডানে শ্রমিক পাঠানোর সাথে জড়িত ছিল তাদের লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। পরবর্তীতে সরকার বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রিক্রুটিং এজেন্সি থেকে ১৫ লাখ টাকা আদায় করে ওই শ্রমিকদের দেশে ফিরিয়ে আনে।

মন্ত্রী আরও জানান, জর্ডান থেকে ফিরিয়ে আনা শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান এখন প্রক্রিয়াধীন রয়েছে। সরকার ইতোমধ্যে ভুয়া দালাল এবং দোষী ট্রাভেল এজেন্সিগুলোর কর্মকর্তাদের গ্রেপ্তার ও মামলা দায়ের করেছে।