নিরাপত্তা সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক সমাপ্ত
বাংলাদেশ এবং ভারতের মধ্যে দু’দিনব্যাপী পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বুধবার নয়াদিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে উভয় পক্ষই নিজেদের মাটিতে পরস্পরের স্বার্থ বিরোধী কোনও তৎপরতা অনুমোদন না করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
এছাড়াও জনগণের দুর্দশা লাঘবে উভয় পক্ষ যত দ্রুত সম্ভব ভূমির সীমা নির্ধারন কাজ সম্পন্ন এবং ছিটমহল ও অপর পক্ষের দখলে থাকা ভূমি বিনিময় সমস্যা নিরসনে সম্মত হয়েছে।
উভয় পক্ষ চলতি বছরের আগষ্ট মাসে সীমান্ত সম্পর্কিত ইস্যু নিয়ে জয়েন্ট বাউণ্ডারি ওয়ার্কিং গ্রুপ (জেবিডাব্লিউজি) বৈঠক পুনরায় শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
নিরাপত্তা ও জ্বালানি ইস্যুতে বেশ কিছু শব্দ নিয়ে অনৈক্যের কারণে নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সরণ’র যৌথ বিবৃতি দেওয়া হয়।
উভয় পক্ষ অভিন্ন নদীর অংশিদারীত্ব নিয়ে আলোচনা করেছে এবং এ ব্যাপারে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। ভারতীয় নদী সংযোগ প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের উদ্বেগের ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব জানান, তারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থি কোনও উদ্যোগ নেবে না।
নন ট্যারিফ ও প্যারা ট্যারিফ প্রতিবন্ধকতা দূরীকরণের মতো পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে বাণিজ্য ঘাটতি সংক্রান্ত বাংলাদেশের উদ্বেগ নিরসণে ভারত আন্তরিক সাড়া দিয়েছে। তবে এক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তি, সীমান্ত বানিজ্য এবং সীমান্তে হাট প্রতিষ্ঠার গূরুত্বের বিষয়াদিও পুনর্ব্যক্ত হয়েছে।
উভয় দেশ আঞ্চলিক সংযোগ সম্পর্কিত ইস্যুর উন্নয়নে আলোচনা করেছে এবং ঢাকা-গৌহাটি, ঢাকা-শিলং ও ঢাকা-শিলিগুরি বাস সার্ভিস চালূর ব্যাপারে সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। এছাড়াও বাংলাদেশ ঢাকা-কাঠমাণ্ডু বাস সার্ভিস চালুর ব্যাপারে সহযোগিতা করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে।
ভারতীয় পক্ষ আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। বাংলাদেশ সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ১৯৭৫ সালের সীমান্ত গাইডলাইনের প্রয়োজনীয়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।
দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সমন্বিত টহল শুরুর জন্য উভয় পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে। বাংলাদেশ ইতিবাচকভাবে সীমান্তের নদীবেষ্টিত এলাকায় টহলের ব্যাপারে ভারতের প্রস্তাব খতিয়ে দেখতে সম্মত হয়েছে।
নারী ও শিশু পাচার রোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ছাড়াও অবৈধ মাদক পাচার বন্ধে একটি চুক্তি দ্রুত
বাস্তবায়নের ব্যাপারে উভয় পক্ষ রাজি হয়েছে।
অবকাঠামোগত প্রকল্পে ১৫০ মিলিয়ন ডলারের এলসির ব্যাপারে আলোচনার জন্য ভারতীয় পক্ষ ৫ জুলাই বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রন জানায়।
ইন্ডিয়ান টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো অপরাশেন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আওতা বাড়ানোর ভারতীয় প্রস্তাবের প্রেক্ষিতে দুই দেশ কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও একমত হয়েছে।
এছাড়া দু’দেশের সংসদীয় প্রতিনিধিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি বিনিময়ের ওপর জোর দেয় দুই পক্ষ।
দু’দেশের জনগনের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে একসাথে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে আলোচনা সমাপ্ত হয়।
