ভারতের কাছে প্যারা ট্যারিফ ও শুল্ক বর্হিভূত প্রতিবন্ধকতা তুলে নেওয়ার আহবান জানালো বাংলাদেশ
বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বুধবার ভারতের বাণিজ্যমন্ত্রী কমলনাথের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তিনি বাংলাদেশের কয়েকটি ক্যাটাগরির পণ্যের ওপর প্যারা ট্যারিফ এবং শুল্ক বর্হিভূত প্রতিবন্ধকতা তুলে নেয়ার আহ্বান জানান।
উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশের পণ্যের প্রবেশকে সহজ করতে অবকাঠামোগত সুবিধা, অভ্যন্তরীণ বন্দর নির্মাণসহ শুল্ক সুবিধা বৃদ্ধির জন্য ভারতের পররাষ্ট্র সচিবের কাছে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন।
কমলনাথের সাথে তার উদয়গ ভবন অফিসে ৫০ মিনিট দীর্ঘ বৈঠক শেষে হেমায়েত উদ্দিন বিডিনিউজকে বলেন, আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভারতীয় বাণিজ্যমন্ত্রীর সাড়াও বেশ ইতিবাচক। ভারতের এ সাড়া শর্তহীন না শর্ত সাপেক্ষে এ বিষয়ে স্পষ্ট হতে পারেননি হেমায়েত উদ্দিন। তবে তিনি বলেন, আলোচনার সময় তিনি ছিলেন সমস্যা সমাধানে ব্যাপারে আন্তরিক।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ভারতীয় বাণিজ্যমন্ত্রী ছিলেন বেশ আন্তরিক।
ভারতীয় বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানির পরিমান বৃদ্ধি করতে কীভাবে দু দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা যায় সে ব্যাপারে পররাষ্ট্র সচিবের সাথে বাণিজ্যমন্ত্রী কমলনাথের আলোচনা হয়।
তিনি আরও বলেন, ভারতীয় বাণিজ্যমন্ত্রী সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলেন এবং আমরা আমাদের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। বৈঠকে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে, বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে খুব শিগগিরই দু’পক্ষ আলোচনা শুরু করবে।
পররাষ্ট্র সচিব বলেন, কমলনাথের ঢাকা সফরকালে বাণিজ্য মন্ত্রী পর্যায়ে এই বৈঠকের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। তখন দু দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারকরণের বিষয়ে সুপারিশমালা চুড়ান্ত করা হবে বলে তিনি জানান।
