বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সমাপ্ত
বাংলাদেশ এবং ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বুধবার নয়াদিল্লিতে শেষ হয়েছে। কিন্তু কয়েকটি শব্দ নিয়ে ‘বিরোধ’ থাকায় যৌথ বিবৃতি চূড়ান্ত করা যায়নি। তবে উভয় পক্ষই আশা করছে, কিছুটা বিলম্বে হলেও তারা যৌথ বিবৃতি ঘোষণা করবেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শ্যাম সরণ।
মঙ্গলবার-বুধবারের আলোচনায় নিরাপত্তা ইস্যুটিই প্রধান্য পায়। বৈঠকে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে বলে, বাংলাদেশের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় পাচ্ছে এবং ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী তৎপরতা চলছে।
ভারত ইতিবাচকভাবে জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোন তৎপরতা সহ্য করা হবেনা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়।
অন্যদিকে ভারত বৈঠকে বাংলাদেশে ভারত বিরোধী ও বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির ইস্যুটি উত্থাপন করে।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দল জানায়, সন্ত্রাসমূলক বা বিচ্ছিন্নতাবাদী কোন তৎপরতাই বাংলাদেশ সহ্য করবে না। বাংলাদেশের মাটিকে ব্যবহার করার বিষয়টি বাংলাদেশ কখনও মেনে নেবে না বলে জানানো হয়।
বৈঠকে ‘ভারতীয় জঙ্গীদের’ বিরুদ্ধে সম্প্রতি বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করা হয় এবং এ ধরণের পদক্ষেপ দু‘দেশের সম্পর্কের ক্ষেত্রে সুফল বয়ে আনবে বলে মন্তব্য করা হয়।
বৈঠকে ভারতের নদী সংযোগ প্রকল্প নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে। ভারত নিশ্চয়তা প্রদান করে, তারা বাংলাদেশের স্বার্থ বিরোধী কিছুই করবে না।
পানি বন্টন ইস্যু নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং যৌথ নদী কমিশনের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ভারত বৈঠকে উল্লেখ করে।
কৃষি খাতে ভারত বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দেয় এবং বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে অচিরেই নয়া দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ঢাকা-গৌহাটি-ঢাকা, ঢাকা-শিলং-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা সরাসরি বাস সার্ভিস চালুর প্রস্তাব দেয়। কিন্তু ভারত প্রথম দুটি প্রস্তাবের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এছাড়া তারা শিয়ালদহ-জয়দেবপুর ট্রেন সার্ভিস চালুর বিষয়েও আলোচনা করেন।
জনশক্তি প্রশিক্ষণসহ বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার প্রস্তাব দেয় ভারত। প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে বাংলাদেশ জানায়।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাজারে বাংলাদেশী পন্য প্রবেশের ক্ষেত্রে শুল্ক বহির্ভূত বাধা সমূহ দূর করা হবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করে। ভারত জানায়, বিষয়টি তারা ইতিবাচকভাবে দেখবে।
১৯৭৪ সালের ভূমি সীমানা চুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হয় এবং উভয় পক্ষ এ ব্যাপারে তাদের অবস্থান ব্যাখ্যা করে। বৈঠকে ‘জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ’ পুনরুজ্জীবনের প্রস্তাব আসে।
ভারতে বাংলাদেশী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল না দেখানোর বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বৈঠকে উত্থাপন করে। এ প্রসঙ্গে ভারত জানায়, বিষয়টি তারা পরীক্ষা করবে এবং সম্প্রচার না হওয়ার কারণ খুঁজবে।
বাংলাদেশ সীমান্তে বিএসএফ’র পুশ ইন ইস্যুটিও বাংলাদেশ উত্থাপন করে। এছাড়া বিএসএফ যাতে সীমান্তে নিরীহ বাংলাদেশীদের হত্যা না করে, সেজন্যও অনুরোধ জানানো হয়।
