২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সীমান্ত এলাকায় বিএসএফ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে’

সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং কোনও নিরীহ বাংলাদেশী নাগরিকের ওপর গুলি চালাবে না বলে আশ্বস্ত করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল।

নিজস্ব প্রতিবেদক

ফরিদ আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বুধবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন নয়াদিল্লিতে পাতিলের সঙ্গে সাক্ষাৎ করতে তার নর্থ ব্লকের কার্যালয়ে যান।

প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বিডিনিউজকে বলেন, বৈঠকটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, সীমান্ত সমস্যার সমাধান আলাপ আলোচনার মাধ্যমে গঠনমূলকভাবে হতে পারে বলে হেমায়েত উদ্দিন ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন।

বৈঠককালে তারা সীমান্তে বেড়া নির্মান বিষয়েও আলাপ আলোচনা করেন। পররাষ্ট্র সচিব পাতিলকে বলেন, বেড়া নির্মাণের কাজ আর অগ্রসর না করলে ভাল হয়। তবে সীমান্ত গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা বাস্তবায়ন করা যেতে পারে।

জিরো লাইনের ১৫০ গজের মধ্যে কোনও অবকাঠামো অথবা জিরো লাইনে কোনও বেড়া নির্মান না করার জন্য বাংলাদেশ ভারতকে অনুরোধ করেছে।

পররাষ্ট্র সচিবকে পাতিল বলেন, উভয় দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা করা যেতে পারে।

এছাড়াও তিনি আশ্বস্ত করেন যে, বিএসএফ সীমান্ত অঞ্চলে আরও সংযত হবে এবং তারা কোনও নিরীহ বাংলাদেশীকে হত্যা করবে না।

তবে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রী বিডিআর এবং বিএসএফ, উভয় সীমান্ত রক্ষী বাহিনীকেই সীমান্ত এলাকার শান্তি বিঘ্নিত করতে পারে, এমন কোনও আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

হেমায়েত উদ্দিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পাতিল তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং পরবর্তীতে দুই দেশের সম্মতিতে যে কোনও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান।