নরসিংদী-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নরসিংদী-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্বতন্ত্র প্রার্থী শাহাদৎ হোসেন মুন্না বিভিন্ন কেন্দ্রে চারদলীয় জোট প্রার্থী খায়রুল কবির খোকনের সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট প্রদানের অভিযোগ তুলেছেন।
মুন্না সংবাদিকদের বলেন, খোকনের কর্মী সমর্থকরা জাল ভোট প্রদান করছে।
অন্যদিকে ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে খোকন দাবি করেন।
সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলছিল।
সেনা সদস্যরা হাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে এবং পুলিশের ডিআইজি নির্বাচনে অনিয়মের সাথে জড়িত থাকার দায়ে একজন ওসিকে ক্লোজ করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মুন্নার একজন সমর্থক খালিকুজ্জামান বিডিনিউজকে বলেন, খোকনের সমর্থকরা মুন্নার ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।
তিনি আরও বলেন, তারা ব্রাহ্মণদি সরকারি উচ্চ বিদ্যালয়, নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়, শালিদাহ প্রাথমিক বিদ্যালয়, সাথী পাড়া উচ্চ বিদ্যালয়, সাহা প্রতাপ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে মুন্নার এজেন্টদের বের করে দিয়েছে।
খালিকুজ্জামান আরও অভিযোগ করেন, চারদলীয় জোট প্রার্থী গাড়ি (ময়মনসিংহ-ব-২৯৭) ভর্তি করে ভূয়া ভোটার হাজির করেছে।
তিনি আরও বলেন, খোকনের লোকজন মুন্নার বেশ কয়েকজন পোলিং এজেন্টকে মার ধর করেছে।
জাল ভোট দেওয়ার অভিযোগে পুলিশ চারজনকে আটক করে। এরা হল সবুজ (১৮), নূর মোহাম্মদ, শহিদুল ইসলাম (৩০) এবং আলেয়া (১৮)।
একটি ভ্রাম্যমান আদালত চারদলীয় জোট প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অপরাধে সবুজ, নূর মোহাম্মদ ও শহিদুল ইসলামকে একমাসের কারাদণ্ড ও আলোয়াকে এক হাজার টাকা জরিমানা করে।
জাল ভোটে সহায়তা করার অপরাধে মাধবপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে একজন ম্যাজিস্ট্রেট কেন্দ্র থেকে ক্লোজ করেছে।
