২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষি ও অবাস্তব: সংসদে জাতীয় পার্টির সাংসদ

জাতীয় পার্টির সাংসদ গোলাম মোহাম্মদ কাদের ২০০৫-০৬ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী এবং অবাস্তব হিসেবে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, ২০০৪-০৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত না হলেও সরকার এ বছর আরও প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ প্রস্তাব করেছে। এ টাকা আগামী নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত হবে, যা সম্পূর্ণ অনৈতিক। এটি কোনো উন্নয়নমুখি বাজেট নয়। এটি নির্বাচনমুখি বাজেট।

বিকেল পাঁচটা ৩৮ মিনিটে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

বাজেট আলোচনায় অংশ নেন বিএনপির ছয়জন, জামায়াতের দুইজন এবং জাতীয় পার্টির একজন সদস্য।

আলোচনায় অংশ নেওয়া সদস্যরা হচ্ছেন-বিএনপির কাজী রফিকুল ইসলাম, মুশফিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, এমএ করিম আব্বাসী, শফি আহমেদ চৌধুরী, শহিদুজ্জামান ও আব্দুল গফুর ভূঁইয়া, জামায়াতে ইসলামীর আজিজুর রহমান চৌধুরী এবং গাজী নজরুল ইসলাম এবং জাতীয় পার্টির জিএম কাদের।

বাজেট আলোচনায় অংশ নেওয়া বিএনপি ও জামায়াতের সদস্যরা বাজেটের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, এ বাজেট একটি যুগান্তকারি বাজেট। এতে দেশের দারিদ্র্য বিমোচনের নীতি প্রতিফলিত হয়েছে।

সংসদের অধিবেশন বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।