২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করার সময় বৃদ্ধি পরিকল্পনার সমালোচনা করেছে বিইএ

বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ) শনিবার কালো টাকা সাদা করার সময় বৃদ্ধি করার পরিকল্পনার সমালোচনা করেছে। ধারণা করা হচ্ছে নির্বাচনী তহবিলে অর্থায়নের উদ্দেশ্যে চাপের মুখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধধ্যাপক আবুল বারাকাত বলেন, এটা স্পষ্ট যে ব্যবসায়ী মহলের চাপ ছাড়াও এই প্রস্তাবের নেপথ্যে রাজনৈতিক ও নির্বাচনি চাপ রয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই প্রস্তাব একবার অনুমোদন পেলে পরিস্থিতির উন্নতির বদলে দুর্র্নীতি ও কালো টাকার পরিমাণ অনেক বেড়ে যাবে।

বহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান তার বাজেট বক্তৃতায় আরও এক বছরের জন্য কালো টাকা সাদা করার সময় বৃদ্ধি করার প্রস্তাব করেন। দেশের অর্থনীতিবিদ, গণমাধ্যম এবং বিরোধীদল অর্থমন্ত্রীর এই প্রস্তাবের কঠোর সমালোচনা করেছে।

সাম্প্রতিকালে কালো টাকা নিয়ে সাইফুর রহমানের কটুক্তির উল্লেখ করে বিইএ নেতারা বলেন, চার, পাচঁ দিনের মধ্যে এমন কি ঘটল যে মন্ত্রী কালো টাকা সম্পর্কে তার মতামত পরিবর্তন করলেন।

অন্যদিকে বিইএ বাজেট নিয়ে তাদের লিখিত গবেষণায় কৃষি, শিক্ষা এবং সামাজিক খাতে অর্থমন্ত্রীর কয়েকটি প্রস্তাবের প্রশংসা করেন। তবে তারা এই প্রস্তাবে সঠিক বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

অর্থনীতি সমিতি স্থানীয় সরকারের জন্য উন্নয়ন বাজেটের অধীনে ১৮০ কোটি টাকা বরাদ্দের সমালোচনা করেন। তারা ধারণা করছে আগামী নির্বাচনে ভোট পাওয়ার জন্য এই সমুদয় বরাদ্দ ব্যবহার করা হবে।

বারাকাত বলেন, সাইফুর রহমান বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে ইউনিয়ন পরিষদের জন্য ১২০ কোটি টাকা এবং গ্রাম সরকারের জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দকৃত অর্থ স্থানীয় সরকারের মাধ্যমে ব্যবহৃত হবে। নির্বাচনের আগে টাকা ব্যবহারের এই মাধ্যম নিয়ে আমরা উদ্বিগ্ন।

বিইএ সভাপতি ড. কাজী খলিকুজ্জামান বলেন, কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির সঙ্গে আপোষ করতে এই বাজেট করা হয়েছে। বাজেটে দারিদ্র বিমোচন কৌশলপত্র এবং নীতির প্রতিফলন হয় নি।

তিনি আরও বলেন, এই বাজেট দুর্র্নীতি বাড়াবে এবং এটি সম্পূর্ণভাবে একটি নেতিবাচক বাজেট।