১০ বছরে আকাশযাত্রী বেড়েছে, বিমানবন্দরের আয় বাড়েনি, ১৪টির মধ্যে ১৩টিই চলছে ভর্তূকিতে
গত এক দশকে দেশের আকাশপথে যাত্রী পরিবহনের হার বাড়লেও ফ্লাইট চলাচল বাবদ বিমানবন্দরগুলোর আয় বাড়েনি। বরং ১৪টি বিমানবন্দরের মধ্যে ১৩টিই পরিচালিত হচ্ছে ভতূর্কি দিয়ে।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, ১৯৯৫ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করে মোট ৬৩ হাজার ১৪৪টি। ওই বছর আকাশপথের যাত্রী ছিলো ২৫ লাখ ১৯ হাজার ১৬০ জন। ওই বছর মোট কার্গো পরিবহন করা হয় ৭১ হাজার ৬৮৯ টন।
১০ বছর পর ২০০৪ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বেড়ে দাঁড়ায় ৯২ হাজার ২৬৯টিতে। একই সময় এয়ারলাইন্সগুলোর যাত্রী ছিলো ৩৮ লাখ ৯০ হাজার ৭০৯ জন এবং কার্গো পরিবহন হয় ১২ লাখ ৩৬ টন।
জানা যায়, ঢাকার জিয়া, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ১৪টি বিমানবন্দরে এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও ৩০টিরও বেশী দেশী ও বিদেশী এয়ারলাইন্সের বিমান ওঠানামা করছে।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাংলাদেশের আকাশ সীমায় চলাচলকারী ফ্লাইটের ত্বরিৎ ও নিরাপদ চলাচল নিশ্চিত করে। বিমানবন্দর, এয়ার ট্রাফিক, এয়ার নেভিগেশন, টেলি যোগাযোগ, যাত্রী ও ফ্লাইট সেবা, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ইত্যাদি খাত থেকে সিভিল এভিয়েশন আয় করে থাকে।
১৯৯৫-৯৬ সালে অর্থবছরে সিভিল এভিয়েশনের আয় ছিলো ৭১ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকা। ২০০৩-০৪ অর্থ বছরে ওই আয় বেড়ে দাঁড়ায় মাত্র ৭৮ কোটি ৮২ লাখ ৪৬ হাজার টাকা। ১০ বছরে সিভিল এভিয়েশনের আয় বেড়েছে মাত্র ৭ কোটি ১১ লাখ ৩ হাজার টাকা।
কিন্তু সংস্থাপন খাতে ব্যয় বৃদ্ধিসহ নানান খাতের অপচয় ও অনিয়মের কারণে গত এক দশকে সিভিল এভিয়েশন কোনো লাভের মুখই দেখতে পারেনি।
