ঢাকা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের কোনও উদ্যোগ নেই
সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অচলাবস্থার দু’সপ্তাহ পার হয়ে গেলেও পরিস্থিতি নিরসনে কর্তৃপক্ষ এখনও কোন বাস্তব উদ্যোগ নেয়নি।
গত মাসের ২৮ তারিখে সড়ক দুর্ঘটনায় শাম্মী আক্তার নিহত হয়। এ সময়ে উত্তেজিত ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এল পুলিশ তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই পুলিশি হামলার প্রতিবাদে সরকার বিরোধী সমর্থক ও সাধারণ ছাত্রছাত্রীরা পুলিশি হামলা ও পরে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করলে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। এতে ক্যাম্পাস জুড়ে সন্ত্রাস ছড়িয়ে পড়ে।
পরে অপরাজেয় বাংলার পাদদেশে ক্ষমতাসীন বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশের কাছে বোমা বিস্ফোরণের জের ধরে তারা প্রধান বিরোধী দলী আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে এবং হল থেকে তাদেরকে বিতাড়িত করে।
ছাত্রদল বিস্ফোরণের জণ্য ছাত্রলীগকে দায়ী করে এবং এ ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবি জানায়। অন্যদিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি মানা না হলে ক্যাম্পাস অচল করে দেওয়ার হমকি দেয়।
ছাত্রলীগ কর্মীদের প্রবেশ ঠেকাতে প্রায় এক সপ্তাহ ধরে ছাত্রদল ক্যাডাররা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের বিভিন্ন প্রবেশ মুখে প্রহরার ব্যবস্থা করে।
জুনের ১ তারিখ থেকে ক্যাম্পাসে গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে।
বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলো অভিযোগ করে সমস্যা নিরসণে কর্তৃপক্ষ বাস্তবমুখি কোনও পদক্ষেপ গ্রহণ করে নি।
ছাত্রদল ও বিরোধী দল উভয়েই তাদের পুর্ববর্তী দাবির প্রতি অটল রয়েছে। ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কোনও সংলাপ আয়োজনে ব্যর্থ হওয়ার জন্য তারা কর্তৃপক্ষকে দায়ি করে।
ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার বলেন, সংলাপে বসার জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। কিন্তু তার আগে অবশ্যই কর্তৃপক্ষকে ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্রদলের সমাবেশে বোমা হামলা ও ছাত্রলীগ কর্মীদের ওপর হালার সঙ্গে জড়িত ছাত্রদল ক্যাডারদের বহিষ্কার করতে হবে।
তিনি বলেন, আমাদের কর্মী ও সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলার জন্য বিভিন্ন পত্রিকায় যে সমস্ত ছাত্রদল ক্যাডারদের ছবি ছাপা হয়েছে তাদেরকে বহিষ্কার না করা পর্যন্ত আমরা ক্যাম্পাসে যাব না এবং কোনও সংলাপেও বসব না।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষকে হলগুলোতে ছাত্রলীগ কর্মীদের সহাবস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু বলেন, ছাত্রলীগ নেতা কর্মীরা ক্যাম্পাসে আসলে আমরা কোনও সমস্যা করব না। কিন্তু ক্যাম্পাসে ফিরে আসার আগে তাদেরকে বহিরাগত, অপরাধি ও অস্ত্রধারীদের বহিষ্কার করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ বলেন, সংলাপের ব্যাপারে কর্তৃপক্ষ ছাত্রনেতদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। তবে তারা এখনও ছাত্রসংগঠনগুলোর কাছ থেকে কোনও উত্তর পাননি বলে জানান।
তিনি দাবি করেন, আবাসিক হলগুলোতে সহাবস্থানের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
