কালো টাকার মালিকদের রক্ষা করতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, প্রস্তাবিত বাজেটে ব্যাপক দুর্নীতির সুযোগ রাখা হয়েছে।
কালো টাকার মালিকদের রক্ষা করার জন্য ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। গন বিরোধী এ বাজেটে দারিদ্র আরও বাড়বে, ধনী আরও ধণী হবে, কালো টাকার মালিক সুবিধা পাবে।
শুক্রবার রাতে টুঙ্গিপাড়া মাজার চত্বরে আয়োজিত কর্মী সভায় ভাষণদানকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জোট সরকার দলীয় মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের লুটপাটের জন্য থোক বরাদ্দ বেশি রেখে এ বাজেট প্রনয়ণ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেন, র্যাব, চিতা, কোবরা দিয়ে সন্ত্রাস দমনের নামে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। তাদের দিয়ে এবং দলীয় সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ, নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করে দেশকে মৃত্যুর উপত্যকায় পরিনত করেছে। সরকার ক্রসফায়ার ও এনকাউন্টারের নামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দক্ষ ও জনপ্রিয় নেতাদের হত্যা করে দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অভিযানে নেমেছে।
শেখ হাসিনা বিদিশা এরশাদের প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী একজন নারী হয়েও বিদিশার ওপর যে অত্যাচার ও নির্যাতন চলছে তা রীতিমত অমানবিক ও বর্বরতা।
একটি লিগাল এইড সেল গঠন করে দলের নেতাকর্মীদের আইনী সহায়তা দেয়াসহ সাধারন মানুষের পাশে থেকে কাজ করার জন্য শেখ হাসিনা নেতা কর্মীদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, শিল্প বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, কাজী আকরাম উদ্দিন, এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আযম এমপি এবং খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলার আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
