আগামী মাস থেকে টেলিটকের সংযোগ ফি বাড়তে যাচ্ছে
প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর অতিরিক্ত করারোপ করায় জুলাই থেকে টেলিটকের পরবর্তী ধাপের সিম বিতরণের সংযোগ ফি বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ শুক্রবার বিডিনিউজকে বলেন, বাজেটের প্রভাবে সিমের মূল্য বাড়ানো ছাড়া কর্তৃপক্ষের আর কোনও উপায় নেই। সুতরাং সংযোগের জন্যে বর্তমান ১৮০০ টাকার সাথে আরও ১২০০ টাকা বাড়বে।
তিনি আরও বলেন, টেলিটক আন্তঃসংযোগের জন্যে বিটিটিবির কাছে একটি খসড়া প্রস্তাবনা দিয়েছে।
কর্মকর্তারা জানান, লটারিতে টিএণ্ডটি মোবাইল সিম বিজয়ীদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭,০০০ সিম বিতরণ করা হয়েছে।
৪ জুন থেকে ৫০,০০০ টেলিটক লটারি বিজয়ীর মধ্যে সিম বিতরণ শুরু হয়েছে এবং তা চলবে ৪ জুলাই পর্যন্ত।
