২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজা হরিশচন্দ্রের পাঠ’: নীলফামারীর ইতিহাস কিংবা পুরাণ

রাজা হরিশচন্দ্রের নাম উল্লেখ রয়েছে নীলফামারী জেলার বিভিন্ন জায়গায়। এ রাজার রাজ সিংহাসনের কোনও চিহ্ন পাওয়া না গেলেও তার কিছু স্মৃতিচিহ্ন বহন করছে নিভৃতপল্লী হরিশচন্দ্রপাঠ গ্রাম। নামকরণের দিক থেকেও মনে হয় গ্রামটি এক সময় রাজা হরিশচন্দ্রের রাজ্যভূক্ত ছিল।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 09:43 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

রাজার পাঠশালার নামানুসারে একে ‘হরিশচন্দ্রেরপাঠ’ বলা হয়। এই পাঠশালার ভগ্নাবশেষের ইটসুরকি ছড়িয়ে রয়েছে গ্রামজুড়ে। তবে তিনি কোন সময়ের রাজা ছিলেন বা কেমন ছিল তার রাজত্ব সে সম্পর্কে ইতিহাসবিদরা তেমন কিছুই আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি। তদুপরি নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্রেরপাঠ নামের গ্রামটি জনশ্রুতি অনুযায়ী রাজা হরিশচন্দ্রের রাজ্যপাটেরই অংশ ছিল।

ধর্মপরায়ন রাজা হরিশচন্দ্র জীবনের শেষ ভাগে চাঁড়ালকাটা নদীর দক্ষিণ তীরে উঁচু টিলার ওপর মন্দির স্থাপন করে আরাধনায় নিমগ্ন হন এবং এভাবেই একদিন তিনি সবার অজান্তে নিরুদ্দেশ হন বলে এখানকার অধিবাসীদের বিশ্বাস। সে কারণে এখানকার মানুষ মন্দির আকৃতির এই ইমারতটিকে রাজা হরিশচন্দ্রের সমাধি বলে মনে করে।

এক বিঘা জমির ওপর প্রায় ৫০ ফুট উঁচু টিলার ওপর নির্মিত রাজার সমাধি বা মন্দিরটির ধ্বংসাবশেষ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে ইট-সুরকি-পাথর। বড় বড় পাথরখন্ডগুলো টিলার ওপর পড়ে থাকলেও ছোট ছোট ইট-পাথরগুলো হারিয়ে যাচ্ছে। টিলার পাশে নদীর অপর তীরে প্রায় এক কিলোমিটার দূরে রাজার দুই কন্যা অদুনা ও পদুনার স্মৃতিবাহী দুয়োদিঘী ও শুয়োদিঘী দু’টিও পড়ে আছে সংস্কারবিহীন অবস্থায়। প্রভাবশালীরা প্রায় ছয় একর জমি জুড়ে বি¯তৃত দিঘী দু’টি দখল করে নিয়েছে। এসব উদ্ধার তো দুরের কথা, এগুলোর প্রত্নতাত্বিক ও ঐতিহাসিক বিষয়গুলো খতিয়ে দেখার উদ্যোগ এখনও কোনও কর্তৃপক্ষ নেয়নি।

যাই হোক, এত কিছুর পরও অনেকেই সেখানে যান, ঐতিহাসিক বা পৌরানিক স্থান পরিদর্শনের উদ্দেশ্যে। নীলফামারী জেলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে এ গ্রামটিতে যেতে হলে নীলফামারী বা জলঢাকা শহরে পৌঁছে পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের পরিদর্শন সড়ক ধরে যেতে হবে। যাওয়ার পথে পরিদর্শন সড়কের দু’ধারে চোখে পড়বে নয়নাভিরাম প্রাকৃতিকদৃশ্য। সাথে সেচ খালের স্বচ্ছ নীলাভ জলরাশিতে পাখিদের জলকেলি। ঢাকা থেকে যারা আসবেন তারা গাবতলি টার্মিনালে পাবেন জলঢাকা বা নীলফামারীগামী বিভিন্ন চেয়ার কোচ। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরে নেমেও সড়ক পথে নীলফামারী শহর দিয়ে পৌঁছানো যায় রাজা হরিশচন্দ্রের স্মৃতিবিজড়িত এ গ্রামটিতে।

থাকার জন্য নীলফামারী শহরে সার্কিটহাউস, ডাকবাংলো ছাড়াও রয়েছে মধ্যমানের চারটি আবাসিক হোটেল। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলোতেও থাকা যাবে নীলফামারী, জলঢাকা বা ডালিয়ার পাউবো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। এছাড়া সরকারি পদস্থ কর্মকর্তারা পাউবো’র অভিজাত বাংলো ডালিয়ার ‘অবসর’-এ থাকতে পারেন।