সারাদেশে বাজেট প্রতিক্রিয়া
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী যা বলেছেন তাতে মনে হচ্ছে সরকার কৃষি ভিত্তিক শিল্প স্থাপনে বিশেষ মনোযোগ দিবে।
তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে কর অবকাশ একটি ভালো পদক্ষেপ। কাঁচামালের আমদানি শুল্কের সর্বনিম্ন হার সাড়ে সাত শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সিসিসিআই চেয়ারম্যান তৃতীয় কর্ণুফুলি সেতুসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বিশেষ বরাদ্দ না দেওয়ায় দুঃখ প্রকাশ করেন।
অন্যদিকে, বাংলাদেশ স্টিভেডোরর্স এসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতি এএইচএম মঞ্জুরুল আলম ও বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি পারভেজ সাজ্জাদ আক্তার বন্দরের আমদানি পণ্যের অবস্থানের সময় ৪৫ দিন থেকে ৩০ দিনে নামিয়ে আনার সিদ্ধান্তকে অভিনন্দন জানান।
