বাজেটে যথেষ্ট গুরুত্ব পেয়েছে পোশাক শিল্প
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার তার প্রস্তাবিত বাজেটে কোটা পরবর্তী সময়ের জন্য দেশের বৃহৎ রপ্তানি ক্ষেত্র পোশাক শিল্পকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন।
আসন্ন অর্থবছরে রপ্তানি বৃদ্ধির জন্য প্রস্তাবিত এ বাজেটে কতিপয় টেক্সটাইল মেশিনারিজ ও খুচরা যন্ত্রাংশের ক্ষেত্রে সম্পূর্ণভাবে শুল্ক ও কর প্রত্যাহার এবং ট্যাক্স হলিডে সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া ইপিজেড এলাকার শিল্পকারখানার জন্য বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার পানির বিলের ক্ষেত্রে শতকার ১০০ ভাগ কর প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছর থেকে রপ্তানি পোশাকের ক্ষেত্রে নগদ অনুদান না দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে তা প্রত্যাহার করেননি।
অর্থমন্ত্রীর সঙ্গে বাজেট পূর্ববর্তী বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এসব সুবিধা চেয়েছিল।
সাইফুর রহমান বলেন, দেশের পোশাক শিল্পের স্বার্থে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আমি রপ্তানির ক্ষেত্রে পাঁচ ভাগ নগদ অনুদান দেওয়ার পূর্ববর্তী ধারা বজায় রাখার প্রস্তাব করছি।
২০০৫-২০০৬ সালের জন্য প্রস্তাবিত বাজেটে সাইফুর রহমান পোশাক শিল্প, উচ্চ মূল্যের তৈরি পোশাক, টেক্সটাইল মেশিনারি, বয়লার ও কমপ্রেসারের ক্ষেত্রে ট্যাক্স হলিডে ঘোষণা করেছেন।
এছাড়া তিনি পোশাক শিল্পের জন্য অত্যাবশ্যক কিছু রং ও কেমিক্যালের কাস্টমস শুল্ক কমানো এবং কিছু মেশিনারি ও খুচরা যন্ত্রাংশের ওপর থেকে সম্পূর্ণরূপে শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন।
সাইফুর রহমান বলেন, শতকরা একশ ভাগ রপ্তানিমুখী শিল্পকারখানাগুলো বর্তমানে গ্যাস ও বিদ্যুতের ক্ষেত্রে শতকরা ৮০ ভাগ এবং ওয়াসার বিলের ক্ষেত্রে ৬০ ভাগ কর মওকুফের সুবিধা ভোগ করছে।
ছোটখাট রপ্তানিকারক এবং ইপিজেডের মধ্যে যেসব শিল্পকারখানা রয়েছে তাদের শতকরা ১০০ ভাগ কর মওকুফ করা হবে।
এছাড়া তাদের আমদানি-রপ্তানির জন্য ইন্স্যুরেন্স, সিঅ্যাণ্ডএফ এজেন্ট, ফ্রেইট অ্যাণ্ড ফরোয়ার্ডস, শিপিং এজেন্ট ও বন্দর ব্যবহারের ক্ষেত্রেও শুল্ক মওকুফের সুবিধা দেয়া হবে।
একশ ভাগ রপ্তানিমুখী শিল্পের উৎপাদনের জন্য গ্যাস ও বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ৮০ ভাগ, ওয়াসা বিলের ক্ষেত্রে ৬০ ভাগ এবং আমদানি-রপ্তানি উভয় ক্ষেত্রের জন্য ইন্স্যুরেন্স ও সিঅ্যাণ্ডএফ’র ক্ষেত্রে ১০০ ভাগ ও টেলিফোন বিলের ক্ষেত্রে ৬০ ভাগ কর মওকুফ করা হবে।
২০০৩-২০০৪ সালে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে ৫৬৮৬ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০০২-২০০৩ সালে এর পরিমাণ ছিল ৪৯১২ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার।
