২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জির প্রচার ও জনসংযোগ কাজ করবে ইম্প্যাক্ট পিআর

বাংলাদেশে এশিয়া এনার্জি কর্পোরেশন পিটিওয়াই লিমিটেডের প্রচার ও জনসংযোগের কাজ করবে ইম্প্যাক্ট পিআর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বুধবার এশিয়া এনার্জি কর্পোরেশন পিটিআই লিমিটেড (বাংলাদেশ) এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইম্প্যাক্ট পিআর-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এশিয়া এনার্জির কর্পোরেট এফেয়ার্স প্রধান ব্রায়ান মুনি এবং ইম্প্যাক্ট পিআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান। এ সময় কোম্পানির বাংলাদেশে প্রধান নির্বাহী গেরি লাই এবং ইম্প্যাক্ট পিআর-এর চেয়ারম্যান আফতাব উল ইসলাম উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ইম্প্যাক্ট পিআর জনসংযোগ বিষয়ক সেবা প্রদান করবে এবং সংবাদ মাধ্যমগুলোকে সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।

এশিয়া এনার্জি ফুলবাড়ি কয়লা খনি থেকে বছরে ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলনের লক্ষ্য নিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এই খনি থেকে অতি উন্নত মানের ৫শ’ মিলিয়ন টন কয়লা আহরণ সম্ভব হবে এবং এশিয়া এনার্জি ২০০৭ সালের মধ্যে উত্তোলন শুরু করার পরিকল্পনা নিয়েছে।

চুক্তি স্বাক্ষরকালে এশিয়া এনার্জির কর্পোরেট এফেয়ার্স প্রধান ব্রায়ান মুনি বলেন, আমাদের প্রকল্পের বিভিন্ন দিকগুলো সংবাদ মাধ্যমে যথাযথ ও নির্ভুল উপস্থাপনের ক্ষেত্রে ইম্প্যাক্ট পিআর-এর সহায়ক ভূমিকা কোম্পানির অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।

তিনি বলেন, এশিয়া এনার্র্জি বাংলাদেশে খনির আন্তর্জাতিক সর্বোচ্চ মান নিশ্চিত করার মাধ্যমে খনির উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে এবং এই প্রক্রিয়ায় কোম্পানি বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে অঙ্গীকারাবদ্ধ।

ইম্প্যাক্ট পিআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান বলেন, সাংবাদিকতা ও জনসংযোগ কাজে সমান অভিজ্ঞতায় ইম্প্যাক্ট পিআর কোম্পানি অনুযায়ী সীমিত বাজেটে দ্রুত বিকাশমান ব্যবসায়িক অঙ্গনে প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে।