সাতক্ষীরায় ৫ সাংবাদিককে জনযুদ্ধের হত্যার হুমকি
সাতক্ষীরায় সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে একটি চরমপন্থী সংগঠন।
সাদা কাগজে লাল কালিতে লেখা জনযুদ্ধের (এমএল) নামে পাঠানো দুটি চিঠি বুধবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাব ও সাতক্ষীরা চিত্র পত্রিকা অফিসে পাওয়া যায়। এ চিঠি পাওয়ার পর থেকে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
সূত্র জানায়, সাতক্ষীরার পাটকেলঘাটা ডাকঘর থেকে পোস্ট করা জনৈক আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে সাতক্ষীরা চিত্রের সম্পাদক আনিছুর রহিম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, যুগান্তর প্রতিনিধি সুভাষ চৌধুরী এবং পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশকে জানানো হলে সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম মোহাম্মদ সাংবাদিকদের সব ধরণের নিরাপত্তার আশ্বাস দেন।
