বাগেরহাটে বোমায় আহত বিএনপি নেতা আবু মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে
বাগেরহাটে বোমা হামলায় গুরুতর আহত সাবেক পৌর চেয়ারম্যান ও বিএনপি নেতা এএসএম আতাহার হোসেন আবু বড় মিঞাকে (৭২) সংকটাপন্ন অবস্থায় বুধবার খুলনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায পাঠানো হয়েছে।
মঙ্গলবার আবু বড় মিঞার হরিণখানা এলাকার বাড়িতে এ বোমা হামরার ঘটনা ঘটে। আবু বড় মিঞা একটানা ২০ বছর বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন। বোমায় আরো আহত হয়েছে তার ব্যক্তিগত রিক্সাচালক সেকেন্দার আলী পটল (৩৫)। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মঙ্গলবার গভীররাতে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার রেজাউর রহমান মন্টু (৪০), স্বপন মিত্র (২৫), আফতাব, নকীব(৩৮), আব্দুল খালেক(৩২), ও তার স্ত্রী হাসি বেগম(২৫) কে আটক করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার বেশকিছু আলামত, একজোড়া প্লাস্টিকের স্যাণ্ডেল ও একটি ব্যাগ উদ্ধার করেছে। এ নিয়ে গত তিন সপ্তাহের ব্যবধানে বাগেরহাটে দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে।
বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, আবু মিয়ার উপর বোমা হামলার ঘটনায় পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে বাগেরহাট সদর থানার ওসি আব্দুস সামাদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বুধবার বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
