২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি’র জন্য সরকার ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগ করছে

সাউথ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি’র প্রস্তুতিকার্য সম্পন্ন করার জন্য সরকার শিগগিরই একজন ব্যবস্থাপনা পরামর্শক এবং সিদ্ধেশরী বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওএন্ডএম) জন্য একজন চুক্তিভিত্তিক পরামর্শক নিয়োগ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগ করা হবে।

দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম সচল করার জন্য সাউথ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠন করা হয়েছে। তবে, নতুন এ কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ সরকারের মালিকানাধীনেই থাকবে।

বিশ্বব্যাংকের ‘সরকারি-বেসরকারি অবকাঠামোগত অতিরিক্ত সুবিধা’ (পিপিআইএএফ) প্রকল্প ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ‘বিদ্যুৎ খাতে ব্যায় সংকোচন যাচাই-বিশ্বের অন্যান্য দেশের অতীত অভিজ্ঞতার আলোকে’ শীর্ষক কর্মশালায় বিষয়কটি উত্থাপন করা হয়।

পাকিস্তান, মালয়েশিয়া, তানজানিয়া ও নাইজেরিয়ার সাফল্যের দৃষ্টান্ত অনুসরণ করে কর্মশালাটি সাজানো হয়েছে। এসব দেশ চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় সাফল্যের মুখ দেখেছিল।

কর্মশালায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও সচিব নুরুল ইসলাম এবং বিশ্ব ব্যাংকের বেশ কয়েকজন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা অংশগ্রহন করেন।

সাউথ জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে। এ কোম্পানি বেসরকারি খাতে সীমিত সময়ে বিদ্যুৎ ব্যবহার বিতরণ প্রক্রিয়া সচল করতে কাজ করবে।

তবে সরকার নুতন কোম্পানির কাছে হস্তান্তরের পর কর্মকর্তা ও কর্মচারী ছাঁটাই ও বেতন কর্তন না করার নিশ্চয়তা দিয়েছে।

বিশ্বব্যাংকের ‘বিদ্যুৎ খাতে কারিগরি সহযোগিতা’ (পিএসডিটিএ) প্রকল্পটির অংশ হিসেবে কনসালটেন্ট ও ট্রানজেকশন এ্যাডভাইজর নিয়োগ করা হচ্ছে।