উত্তরায় বিমান দুর্ঘটনা: তদন্ত কমিটির কাজ শুরু, বিধ্বস্ত বিমান উদ্ধার হয়নি
রাজধানীর উত্তরায় মঙ্গলবার দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ বুধবারও উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনা তদন্তে বিমান বাহিনীর একজন উইং কমান্ডারের নেতৃত্বে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি আবারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরী এফ-৭ প্রশিক্ষণ বিমান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানটি প্রায় ২০ ফুট মাটির ভেতরে গেঁথে থাকার কারণে এর ব্ল্যাক বক্স ও ভয়েস ডাটা রেকর্ডার এখনও খুঁেজ পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার নাগাদ ওই বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেছেন।
জানা যায়, ব্ল্যাক বক্স ও ভয়েস ডাটা রেকর্ডার খুঁজে পাওয়ার পর এর তথ্য ‘ডি কোড’ করা গেলে বিমানটি দুর্ঘটনার কারণ জানা যাবে।
প্রাথমিকভাবে তদন্ত কমিটি মনে করছে, ইঞ্জিনের ভেতরে পাখি ঢুকে যাওয়ার কারণে নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে ভিন্ন একটি সূত্র জানায়, বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে।
পুলিশ ও দমকল বাহিনী জানায়, মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে উত্তরার ফায়েদাবাদে বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি একটি একতলা টিনশেড বাড়ির ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে আগুন ধরে গেলে আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
এতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় কমপক্ষে পাঁচজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার আগেই এর বৈমানিক ফ্লাইট লেফটেনেন্ট আহসানুল কবির প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন। ফলে তিনি অল্পের জন্যে প্রাণে বেঁচে যান। বিমানটির বৈমানিক সামান্য আহত হন।
