২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ২ চরমপন্থি যুবকের লাশ উদ্ধার

হত্যাসহ একাধিক মামলার আসামি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের দুই সদস্য তারিকুল ইসলাম শিবলু (৩৫) ও জাকির (২৮) এর লাশ বুধবার ভোরে পুলিশ উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টায় খানজাহান আলী থানাধীন আকিল জুট মিলের সামনে বাইপাস সড়কে শিবলুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে শিবলুর লাশ উদ্ধার করে। তার বুকে ও পিঠে গুলির চিহ্ন দেখা যায়।

যুবলীগ নেতা জহির উদ্দিন পান্না ও আনোয়ার হত্যাসহ শিবলুর বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। সে নগরীর নিরালার নজরুল ইসলামের ছেলে বলে জানা যায়।

এদিকে ভোর সোয়া ৪টার সময় নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নির নৌবাহিনী সড়কের পাশে জাকিরের মুখ, মাথা ও বুক থেতলানো লাশ উদ্ধার করে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। জাকিরের লাশের পাশ থেকে তার ব্যবহৃত সুজুকি মোটর সাইকেলটি (নং-ঢাকা মেট্রো-এ০৭-৯৪৩৫) উদ্ধার করেছে পুলিশ। জাকিরের নামে তিনটি হত্যা ও তিনটি ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। সে নগরীর রূপসা স্ট্যান্ড রোডের মোকসেদ আলীর ছেলে ।

পুলিশ এ হত্যাকাণ্ড দুটির কারণ সম্পর্কে কোনও তথ্য এখনও উদ্ঘাটন করতে পারেনি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।