দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত পথে মানব পাচার আশংকাজনক হারে বেড়েছে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তদিয়ে মানব পাচার আশংকাজনক হারে বেড়েছে। পাচারকারীরা এ সীমান্তকে নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে।
এ সীমান্ত পথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী, পুরুষ ও শিশুদের সংগ্রহ করে ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে।
জানা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত আড়াই মাসে দক্ষিণাঞ্চলের এ সীমান্ত পথে ভারতে পাচার করার সময় বিডিআর, পুলিশ ও এলাকাবাসী দেড় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে আটক করে। এদের মধ্যে ৩০ জন শিশু, ৫০ জন মহিলা এবং বাকিরা বিভিন্ন বয়সের পুরুষ। এ সময় মহিলাসহ ১০ পাচারকারীকে আটক করা হয় এবং পাচার হয়ে যাওয়া পাঁচ জন মহিলা পালিয়ে দেশে ফিরে আসে।
জানা গেছে, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে কৌশলে নারী ও শিশুদের সংগ্রহ করে পাচার করে। পাচারের সময় মাঝে মাঝে নারী, পুরুষ, শিশুদের উদ্ধার করা হলেও পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় ।
সূত্র মতে, ওই সীমান্ত দিয়ে হরহামেশাই আন্তর্জাতিক পাচারকারী চক্রের মাধ্যমে নারী ও শিশু পাচার হচ্ছে।
বাগেরহাট জেলা প্রশাসক ও মানবপাচার মনিটরিং কমিটির সভাপতি মো. মঈনউদ্দিন বিডিনিউজকে জানান, পাচাররোধে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পাচাররোধে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বলেও তিনি জানান।
