সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামী ছিনতাই
সাতক্ষীরার কালিগঞ্জ থানার চান্দুরিয়া গ্রামে সোমবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত দুজন আসামীকে গ্রামবাসিরা ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের একজন এসআইসহ চার জন আহত হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মামলার অন্যতম আসামী ওয়াকিলা বেগমকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের এসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ চাঁদাবজির মামলায় কাবিল গাজী (৫০) ও তার পুত্র শফিকুলকে গ্রেফতার করে হাতকড়া লাগায়। এ সময় কাবিল গাজীর স্ত্রী ওয়াকিলা বেগম, পুত্র নুরুজ্জামান, পুত্রবধূসহ গ্রামবাসিরা পুলিশের তিনটি রাইফেল ও আসামীদের ছিনিয়ে নেয়। পুলিশ আসামীদের হাতকড়া খুলে দিলে গ্রামবাসিরা অস্ত্র ফিরিয়ে দেয়।
গ্রামবাসিদের হামলায় পুলিশের এসআই আবদুর রহিম, কনস্টেবল এবাদত, আনিস ও তাহের আহত হয়। আহত তিন কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
