দু’দু’বার নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের পাইলট
উত্তরার ফায়েদাবাদে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আহসানুল কবির স্রেফ ভাগ্যগুণে একদিনেই দু’দু’বার নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেলেন।
আগুন ধরে যাওয়া বিমানটি থেকে সাফল্যজনকভাবে বেল আউট করার পরেও আরেকবার তিনি মরতে বসেছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ২০০ গজ দূরে আটিপাড়ায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সাথে তার প্যারাসুট আটকে আগুন ধরে গেলেও স্থানীয় লোকদের সহায়তায় তিনি দ্বিতীয়বার রক্ষা পান।
স্থানীয় বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক জাফরুল্লাহ বলেন, পাইলট বৈদ্যুতিক লাইনের ওপর পড়তে যাচ্ছেন দেখে আমরা চিৎকার করে তাঁকে রাস্তার ওপর নেমে আসার চেষ্টা করতে বললাম।
অনেক চেষ্টার পর তিনি ইলেকট্রিক তারের ওপর পতন এড়াতে পারলেও তাঁর প্যারাসুট তারে আটকে গিয়ে আগুন ধরে যায়।
এরপর জাফরুল্লাহ এবং আরও কয়েকজন মিলে জ্বলন্ত প্যারাস্যুটের সাথে ঝুলন্ত আহসানকে দ্রুত উদ্ধার করেন।
বেঁচে যাওয়া তরুণ পাইলট আহসান প্রথমেই তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনাদের জন্যই বাঁচতে পারলাম, এ-ই ছিলো তার প্রথম কথা।
স্থানীয় লোকজন আহসানকে প্রাথমিক শুশ্রুষার পর তিনি জনৈক সিরাজ সাহেবের বাড়িতে দু’ রাকাত নফল নামাজ আদায় করেন।
বিমান বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্র্তে বলেন, বিধ্বস্ত হওয়ার স্থান থেকে পাইলটের ল্যান্ড করার দূরত্ব এতো কম দেখে মনে হচ্ছে সে বিমানটি নিয়ন্ত্রণ করতে যথেষ্টই চেষ্টা করেছে। একেবারে শেষ মূহুর্তে বেল আউট করার কারনেই সে ওই জায়গায় পড়ে।
পরে ওই এলাকায় টহলরত র্যাব সদস্যরা তাঁকে বিমান বাহিনীর ঘাঁটিতে পৌঁছে দেয়।
