রিমাণ্ডে আরমানের বিভিন্ন তথ্য, খুলে যাচ্ছে অনেক ধাঁধার জট
পুলিশ রিমান্ডে অপরাধ জগতের ‘বিগ ফিশ’ আরমান খান অন্ধকার জগতের নানা তথ্য দেওয়ায় খুলে গেছে অনেক ধাঁধার জট। বাংলাদেশে বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর গ্রেনেড এবং বোমা হামলাগুলোর সাথে জড়িত আন্তর্জাতিক মাফিয়া গ্রুপের প্রধানের নাম এবং তাদের ‘মিশন’ প্রকাশ করায় উল্টে গেছে গোয়েন্দা সংস্থাগুলোর অনেক হিসেবে নিকেশ।
জিজ্ঞাসাবাদে আরমান এমন একজন ‘মাফিয়া ডন’ এর নাম প্রকাশ করেছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর একজন তালিকাভুক্ত সন্ত্রাসীও। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের সাথে জড়িত থাকার জন্য এলিট এফবিআই তাকে সে দেশে কালো তালিকাভুক্ত করে।
গোয়েন্দা সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যের নায়কদের নাম প্রকাশ করায় সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত উৎকণ্ঠায় পড়ে গেছে। শেখ হাসিনার সমাবেশে বোমা হামলার উদ্দেশ্য এবং পুরো নীল নকশা প্রকাশ করায় সরকার এখন ‘টেকনিক্যাল কারনে’ বিব্রত ও উদ্বিগ্ন হয়ে পড়েছে।
একটি গোয়েন্দা সূত্র জানায়, এতোদিন আমাদের হাতে শুধুমাত্র পাজল কার্ড ছিলো। এখন পাজল বোর্ড পাওয়ায় মিলে যাচ্ছে সব ধাঁধার উত্তর। কেবল দেশীয় প্রেক্ষাপটেই না, উপমহাদেশের প্রেক্ষাপটেও আরমানের রয়েছে “গোয়েন্দা ভ্যাল্যু”।
গোয়েন্দা সূত্র আরও জানায়, শীর্ষ সন্ত্রাসী তালিকায় আরমানের অবস্থান ১২তম হলেও ‘গোয়েন্দা ভ্যাল্যু’ হিসেব করলে তার অবস্থান শীর্ষে থাকবে। তিনি জানান, আমরা তার তথ্য যাচাই বাছাই করে তার বক্তব্যের সত্যতা খুঁজে পেয়েছি।
কুখ্যাত সন্ত্রাসী আরমানকে রাত বাড়ার সাথে সাথে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সাত দিনের রিমান্ডের মধ্যে ইতিমধ্যে পার হয়েছে তিন দিন। র্যাব সদস্যদের পাশাপাশি ডাকসাইটে গোয়েন্দারাও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে তাকে। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আর এসব তথ্যের সত্যতা যাচাই করতে বেরিয়ে পড়ছে গোয়েন্দা সদস্যরা দেশের বিভিন্ন স্থানে।
এদিকে আন্তর্জাতিক মাফিয়াদের ‘নীল নকশা’র বাস্তবায়নে দেশী মাফিয়াদের সহযোগিতা এবং তাদের গতিবিধির বিস্তারিত তথ্য ফাঁস করে দেওয়ায় আরমানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাকে এক জায়গা থেকে আরেক জায়গা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে স্থানান্তর করা হচ্ছে।
আরমান জানায়, আন্তর্জাতিক মাফিয়াদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোর ফলে ষড়যন্ত্র করে তাকেসহ ঢাকার কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে ২০০২ সালের ১৯ নভেম্বর কলকাতার নিউ মার্কেট এলাকা গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে ছিলো শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, কিলার আব্বাস, লিয়াকত এবং পিচ্চি হান্নান। সে আরও জানায়, আটক করার পর তাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট বলেও প্রচার করা হয়।
আরমান জানায়, আটক অন্য শীর্ষ সন্ত্রাসীরা মাফিয়াদের সাথে কাজ করার শর্তে নিজেদের বাঁচাতে পারলেও তাকে এবং লিয়াকতকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু পরে আদালত থেকে জামিনে সে মুক্তি পায়।
আরমান আরও জানায়, গত মাসে বনগাঁ থেকে আটক ঢাকার নয় কুখ্যাত সন্ত্রাসীদেরও একই কায়দায় ধরিয়ে দেওয়া হয়েছে। তার ভাষ্যে, এটা হলো আন্তর্জাতিক মাফিয়াদের সন্ত্রাসী ‘রিক্রুট’ করার কৌশল, যারা আন্তর্জাতিক সন্ত্রাসীদের প্রস্তাবে কাজ করবে না তাদের পরিণতি হবে জেল বা মৃত্যু।
গোয়েন্দা সংস্থাগুলো তার এই চাঞ্চল্যকর বক্তব্য খতিয়ে দেখছে।
এদিকে র্যাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা আরমান সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান।
গত শুক্রবার (৩ জুন) ধানমন্ডির ২৯ নম্বর রোডের ১৪/এ মনোরমা এপার্টমেন্টের ৫ম তলা থেকে আরমানকে একটি জার্মান কার্ল ওয়ালথার, ইংল্যান্ডের তৈরি একটি পেট্রো ব্যারেটা এবং ইটালির তৈরি একটি ওবেলি এন্ড স্কট রিভলবার ও ১৬৮ রাউন্ড গুলি সহ আটক করা হয়।
