আমেরিকায় প্রবাসী বাঙালি স্ত্রীর হাতে খুন হওয়া স্বামী ও শিশু কন্যার লাশ ফরিদপুরে দাফন
আমেরিকায় প্রবাসী বাঙালি স্ত্রীর হাতে খুন হওয়া স্বামী ও শিশু কন্যার লাশ ফরিদপুরে দাফন হয়েছে। কিন্তু আত্মহত্যার শিকার স্ত্রীর লাশ এখনও দেশে এসে পৌঁছেনি।
গত ২০ মে পারিবারিক কলহের কারণে স্ত্রী শম্পা কাজীর হাতে স্বামী বাতেন ও দেড় বছরের শিশু কন্যা নির্মম ভাবে খুন হয় এবং পরে শম্পা আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
ঘটনার ১৬ দিন পর কাজী বাতেন ও তার কন্যার লাশ যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় দেশে আনা হয়। স্ত্রী শম্পা কাজীর লাশ অজ্ঞাত কারণে দেশে আসতে দেরী হচ্ছে।
লস এঞ্জেলসের নিজ ফ্লাটে খুন হওয়া কাজী গোলাম রাব্বানী বাতেন ও কন্যা আর্সিয়া বিনতে রব্বানীর লাশ রোববার থাই এয়ারলাইন্সের কার্গো বিমানে ঢাকা এসে পৌঁছেছে। নিহত কাজী বাতেনের বাড়ি জেলার ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া গ্রামে।
রোববার রাত ৮টায় লাশবাহী গাড়ি ভাঙ্গায় এসে পৌঁছায়। পরে নওপাড়া হাইওয়ে সড়কে পিতা কন্যার নামাজের জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
