প্রথমে আত্মহত্যা, পরে র্যাবকে আক্রমণের কথা ভেবেছিলো আরমান
শুক্রবার। ভোর ৬টা। র্যাবের আট সদস্য ধানমন্ডির ২৯ নম্বর রোডের ১৪/এ মনোরমা এপার্টমেন্টের ৫ম তলার একটি ফ্ল্যাটে কলিং বেল বাজায়। এই দলকে কভার করছিলো আরো সাত র্যাব সদস্য। এপার্টমেন্টের নীচে নজরদারিতে ছিলো তারা। আর সাদা পোশাকে আগের রাত থেকে পুরো এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন ছিলো দুই ডজনের বেশি র্যাব গোয়েন্দা।
দরোজা খুলে দেন আরমানের খালা। মাসিক ২২ হাজার টাকায় তিনি ভাড়া নিয়েছেন ৪০৪ নম্বরের ফ্ল্যাটটি। রুমে ঢুকেই র্যাব সদস্যরা দেখে খাটে অস্ত্র হাতে বসে আছে দীর্ঘকায়, সুঠাম দেহের অধিকারী আরমান। র্যাবের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পাশের রুমে ঢুকে খাটের নীচে লুকিয়ে পড়ে। খবর পেয়ে এপার্টমেন্টের নীচে থাকা র্যাব সদস্যরা উপরে গিয়ে পুরো রুম ঘিরে ফেলে। ওয়্যারলেস এবং মোবাইল ফোনে খবর দেওয়া হয় র্যাবের অন্য সদস্যদের। এ সময় রুমে থাকা তার খালাকে র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলেও আটক করা হয় আরমানের খালাতো ভাই জাকির হোসেনকে।
আধ ঘন্টার নাটকীয় গ্রেপ্তার পর্ব শেষে পুলিশের তালিকার ২৩ শীর্ষ সন্ত্রাসীর ১২ নম্বরে থাকা আরমানকে নিয়ে র্যাব সদস্যরা তখনই বের হয় অভিযানে। তার স্বীকারোক্তি অনুযায়ী দুজন শীর্ষ ব্যবসায়ী এবং সড়ক ও জনপথের একজন প্রথম শ্রেণীর কন্ট্রাক্টরকে ধরার জন্য মোহাম্মদপুর, ধানমন্ডি, কেরানীগঞ্জ এবং সাভারের বিভিন্ন এলাকায় চলে অভিযান।
গ্রেপ্তার হওয়ার পরে র্যাব সদস্যদের আরমান জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে সে প্রথমে আত্মহত্যা করতে চেয়েছিলো। এক পর্যায়ে তার কাছে থাকা জার্মানির তৈরি অত্যাধুনিক কার্ল ওয়ালথার, ইংল্যান্ডের তৈরী পেট্রো ব্যারেটা এবং ইটালীর তৈরী ওয়েবলী এন্ড স্কট দিয়ে র্যাবের উপর হামলা চালানোরও পরিকল্পনা নিয়েছিলো বলে সে র্যাব সদস্যদের জানায়।
কিন্তু রুমে সে সময় উপস্থিত ছিলো তার খালা এবং খালাতো ভাই জাকির হোসেন। গোলাগুলিতে তাদের ক্ষতি হতে পারে ভেবে সে আত্মসমর্পন করে। এ সময় তার কাছ থেকে ১৪৮ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরমান র্যাবকে জানায়, তার খালা চার রুমের সুসজ্জিত এই ফ্ল্যাটটি ২২ হাজার টাকায় পুলিশের অবসরপ্রাপ্ত এসপি লুৎফুর রহমানের কাছ থেকে ভাড়া নেন। পুরো ফ্ল্যাটটি দামি আসবাবপত্রে সজ্জিত। একটি রুমে ব্যায়াম করার আধুনিক সরঞ্জাম আছে।
র্যাব সূত্র জানায়, গত তিন মাস ধরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর গোয়েন্দা ইউনিট তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে অনুসরণ করছিলো। কিন্তু তার অবস্থান সম্পর্কে ১০০ ভাগ নিশ্চিত না হওয়ায় গ্রেপ্তার করতে পারেনি। বৃহস্পতিবার ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব এই অভিযান চালায়।
পরে তাকে নিয়ে যাওয়া হয় র্যাব এর যৌথ জিজ্ঞাসাবাদ সেলে। সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আরমান তার পলাতক জীবন এবং তার পৃষ্ঠপোষকদের নাম প্রকাশ করে বলেও একটি গোয়েন্দা সূত্র দাবি করে।
শনিবার বিকেলে কালো বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আরমানকে আনা হয় র্যাব-৪ এর অধিনায়কের কক্ষে। সাদা গেঞ্জি ও লুঙ্গি পরা আরমানকে এ সময় খুব বিমর্ষ দেখাচ্ছিলো। সেখান থেকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি থানায়। সেখানে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করেছে র্যাব। সন্ধ্যায় তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। র্যাব-৪ অধিনায়ক কমান্ডার সাবের শরীফ জানান, আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
