আওয়ামী লীগ এমপি কাজী সিরাজের বিএনপি'তে যোগদান
কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগ সাংসদ কাজী সিরাজ বিএনপি'তে যোগ দিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি'তে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে পক্ষ প্রতিপক্ষ থাকবেই। সবারই উচিত সবাইকে সম্মান করা। কিন্তু বিরোধী দল ইস্যুবিহীন হরতাল, ধর্মঘট দিয়ে রাজনৈতিক সস্পর্কের অবনতি ঘটাচ্ছে।
আওয়ামী লীগের টিকেটে ফরিদপুর-১ আসন থেকে দু’বার নির্বাচিত সংসদ সদস্য কাজী সিরাজ বেলা তিনটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। পরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত যোগদান অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আওয়ামী লীগ ছেড়ে আসার কারন ব্যাখ্যা করেন।
প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে কাজী সিরাজ বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি’র রাজনীতি ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আস্থা স্থাপনের ঘোষণা দেন।
বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে দল জনগণের জন্য যতো ভালো কাজ করবে, তারাই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের সেবা ও দেশের কল্যাণ করা। এবং সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি।
ইস্যুবিহীন হরতালের মাধ্যমে বিরোধী দল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করছে বলে তিনি এ সময় অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশ স্বনির্ভর হয়ে উঠবে।
যোগদান অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য কে এম ওবায়দুর রহমান এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র সভাপতি শাহজাদা মিয়া ও গোপালগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি এমএইচ খান মঞ্জু বক্তব্য রাখেন।
এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও ফরিদপুর অঞ্চলের দলীয় সংসদ সদস্যরাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন সমূহের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
