২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের ‘ক্রসফায়ারে’ কথিত দুই ডাকাত নিহত

চট্টগ্রাম মহানগরীতে শনিবার ভোরে পৃথক দুই ঘটনায় পুলিশের ‘ক্রসফায়ারে’ কথিত দুই ডাকাত নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, খোরশেদ (২৩) ও রাশেদ (২৮)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সোয়া ৩ টায় নগরীর বার্মা কলোনী সংলগ্ন বার্মা টিলায় পুলিশের ক্রসফায়ারে নিহত হয় ডাকাত খোরশেদ। গত বৃহস্পতিবার রাতে চান্দগাঁও এলাকায় ডাকাতিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে তার সহযোগীদের গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত খোরশেদ রাঙ্গুনিয়া থানার নোয়াগাঁও এলাকার ইমাম হোসেনের পুত্র। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, এদিকে নগরীর পাঁচলাইশ থানার এনআর স্টিল মিল এলাকায় অপর ঘটনায় নিহত হয় রাশেদ। পুলিশ তাকে শুক্রবারই হিল ভিউ নামক আবাসিক এলাকা থেকে থানা পুলিশ দুটি বন্দুকসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ শেষে আরো অস্ত্র উদ্ধারের জন্য তাকে এনআর স্টিল মিল এলাকায় নিয়ে গেলে পুলিশের সঙ্গে তার সহযোগীদের গুলি বিনিময়ে সে আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, তার সহযোগীরা গুলি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রাশেদও পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে। এখান থেকে পুলিশ আরো দুটি বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

নিহত রাশেদ রাউজানের নোয়াপাড়া গ্রামের জনৈক জাফর আহমেদের পুত্র।